তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হলো ‘বাংলালিংক পাওয়ার’

· Prothom Alo

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘বাংলালিংক পাওয়ার’ নামের নতুন একটি সামাজিক পরিবেশনা (সোশ্যাল ডিস্ট্রিবিউশন) প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মোবাইল ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করতে পারবেন। আজ রোববার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৯ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটির পরীক্ষামূলকভাবে (বেটা) সংস্করণ চালু রয়েছে। বিভিন্ন উদ্ভাবনী ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে মানুষকে ক্ষমতায়নের প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

Visit een-wit.pl for more information.

বর্তমানে ‘টেস্ট অ্যান্ড লার্ন’ পদ্ধতিতে এর বিভিন্ন দিক আরও উন্নত করা হচ্ছে। পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করার আগে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মটি আরও পরিমার্জন ও হালনাগাদ করা হবে।

সাধারণ ব্যবহারকারীরা যেন সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে নিজেরাই খুচরা বিক্রেতা হতে পারেন, সেটা মাথায় রেখেই ‘বাংলালিংক পাওয়ার’ তৈরি করা হয়েছে। রিচার্জ বিক্রি করে তাঁরা কমিশন ও পুরস্কার পাবেন। কোনো ধরনের প্রাথমিক বিনিয়োগ ছাড়াই আয় করার সুযোগ থাকায়, এটি সবার জন্য উন্মুক্ত। তরুণ, নারী কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা, যে কেউ এতে যুক্ত হতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে রয়েছে সহজ নিবন্ধনের প্রক্রিয়া। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল কেওয়াইসি যাচাই, তাৎক্ষণিক কমিশন হিসাব দেখার সুবিধা এবং পুরস্কার পাওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত রাখতে এসব সুবিধা রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থবহ সুযোগ তৈরি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলালিংক পাওয়ারের মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন ও কমিউনিটিভিত্তিক উদ্যোক্তা তৈরি করবে।’

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন।

Read full story at source