বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়
· Prothom Alo

প্রতিবন্ধকতা আসবে। কিন্তু হাল ছাড়লে হবে না। আত্মবিশ্বাস আর সাহসের সঙ্গে লড়াই করে যেত হবে। নিজের জায়গা করে নিতে হবে। এভাবে অধিকার প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় জানালেন নারীরা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সাহসী সংগ্রামী নারীদের নিয়ে শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে তাঁরা এই প্রত্যয় জানান।
বরাবরের মতোই প্রথম আলো রাজধানীর ছায়ানট মিলনায়তনে নারী দিবস সামনে রেখে এ আয়োজন করে। এতে সহায়তা দিয়েছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং ‘সিটি আলো’।
Visit raccoongame.org for more information.
এ আয়োজনে প্রথম আলো ও সিটি আলোর কর্মীরা ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট নারীরা অংশ নিয়েছেন। বিকেলে অনুষ্ঠানের সূচনা হয়েছিল করতালির মধ্য দিয়ে আনন্দ-উদ্দীপনার আবহ সৃষ্টি করে। সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অতিথিদের অভিনন্দন জানান।
শুরুতে সিটি ব্যাংকের চিফ অপারেটিং কর্মকর্তা মাহিয়া জুনেদ মঞ্চে এসে নারীদের জন্য তাঁদের নতুন উদ্যোগ ‘নারীর স্বাস্থ্য সেবা’ বিষয়টি তুলে ধরেন। এ প্রকল্পে গ্রামীণ পর্যায়ে ১২০ জন নারীকে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ দিয়ে তাদের ফার্মেসি সেবা দানের কাজে যুক্ত করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
কৃতিদের হাতে শুভেচ্ছার ফুল
আয়োজনটি ছিল তিন পর্বের। নিজ নিজ ক্ষেত্রে যে নারীরা নানা প্রতিকূলতা জয় করে সফলতা অর্জন করেছেন তাঁদের অভিজ্ঞতার কথা শোনা ও সম্মান জানানো হয় প্রথম পর্বে। তাঁদের সফলতার কথা আজ ছাপা হয়েছে প্রথম আলোর নারী দিবসের বিশেষ সংখ্যায়। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ আরা জানালেন তাঁর সহস্রাধিক ময়নাতদন্তের কথা। বললেন, ধর্ষণের শিকার নারীদের পরীক্ষার জন্য আরও বেশি সংখ্যক নারী ফরেনসিক চিকিৎসকের প্রয়োজন। অনেক সময় ময়নাতদন্তের রিপোর্ট পালটে দেওয়ার জন্যও চাপ আসে। কিন্তু সঠিকভাবে এই কাজ করার জন্য লোভ ও ভয়কে জয় করতে হবে।
ডেইলি স্টার-এর সাংবাদিক জাইমা ইসলাম বললেন ১৮ ডিসেম্বর ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের সময়ের কথা। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আরও সাহসী ভূমিকা নিয়ে নারীদের মূলধারার সাংবাদিকতায় আসতে হবে।
নারী পর্বত আরোহীদের সংগঠন ‘সুলতানার স্বপ্ন অবারিত’র পক্ষ থেকে এ পর্বে মঞ্চে আসেন ইয়াসমিন লিসা, নুসরাত জাহান, মৌসুমি আক্তার ও অর্পিতা দেবনাথ। এভারেস্ট জয়ী পর্বত আরোহী নিশাত মজুমদারে নেতৃত্ব ও প্রশিক্ষণে তাঁরা গত দুই বছরে এভারেস্টের ল্যাংটাং ও অন্নপূর্ণা অঞ্চলে সফল অভিযান করেছেন। সেই অভিজ্ঞতা তুলে ধরেন তাঁরা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের চেয়ারপারসন রূপালী চৌধুরী ও টেবিল টেনিস খেলোয়াড় খৈ খৈ মারমার আনন্দঘন একটি মুহূর্ত। সঙ্গে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। জাতীয় পর্যায়ে টেবিল টেনিসে আটবার পদক জয় করেছেন খৈ খৈ।সুবিধাবঞ্চিত বলে শিশুরা প্রতিভা বঞ্চিত হবে, এমন নয়। শারমিন ফারহানা চৌধুরী সুবিধাবঞ্চিত শিশুদের নিজ অর্থায়নে খেলাধুলার প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কারও নিয়ে আসছে। সেই অদম্য শিশুদের নিয়ে নিজের কাজের গল্প শোনালেন তিনি।
রাঙামাটির দুর্গম পার্বত্য এলাকার তরুণী খৈ খৈ মারমা জাতীয় পর্যায়ে টেবিল টেনিসে আটবার পদক জয় করেছেন। এর মধ্যে ৬টি স্বর্ণ এবং রৌপ্য ও ব্রোঞ্জ একটি করে। আপাতত এসএ গেমস ও পরে অলিম্পিকে অংশ নিতে চান এই টিটি চ্যাম্পিয়ন।
প্রতিকূলতা জয় করে সাফল্য অর্জন করা কৃতি নারীদের শুভেচ্ছা জানিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, প্রথম আলো ট্রাস্টের সদস্য জাহেদা ইস্পাহানি ও ভ্রমণ লেখক মহুয়া রউফ।
মানবিক উদ্যোগের গল্প
অনুষ্ঠানের মাঝ পর্বে ছিল প্রথম আলো ট্রাস্টের মানবিক ও জনকল্যাণকর কাজের পরিচিতি। এই পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারপারসন রূপালী চৌধুরী। তিনি জানান, ২০০৯ সাল থেকে ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। তবে এর আগে থেকেই এসিড সন্ত্রাস বন্ধ করা ও এসিড সন্ত্রাসের শিকার নারীদের নিয়ে প্রথম আলো কাজ করছিল। প্রায় সাড়ে চার শতাধিক এসিড সন্ত্রাসের শিকার নারীকে সহায়তা দেওয়া হয়েছে।
রূপালী চৌধুরী বলেন, ট্রাস্টের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি হলো অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি। এ পর্যন্ত ১ হাজার ৪৮৭ জন এই বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৪৭ শতাংশ নারী শিক্ষার্থী। রানা প্লাজায় দুর্ঘটনা কবলিত পরিবারের ২০ জন সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। অদ্বিতীয়া বৃত্তি নামে আরও একটি উচ্চশিক্ষা বৃত্তি রয়েছে পরিবারে প্রথম মেয়ের জন্য। এই বৃত্তিপ্রাপ্তরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়।
এই বৃত্তি পেয়ে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন এমন দুই নারী মঞ্চে এলেন। তাঁদের একজন ফারহানা আক্তার জানালেন, তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এখন এক্সিম ব্যাংকে কাজ করছেন। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রিয়াংকা গোয়ালা স্নাতকোত্তর শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে প্রশিক্ষণ কোর্স করেছেন।
অদ্বিতীয়া বৃত্তিপ্রাপ্ত কৃতি দুই শিক্ষার্থীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আলোচিত ৬ নারী প্রতিদ্বন্দ্বীকে সংবর্ধনা দেওয়া হলো, যাঁদের মধ্যে ৫ জনই ভোটের যুদ্ধে বিজয়ী হতে পারেননি। তাঁরা হলেন ডান থেকে সানজিদা ইসলাম তুলি, নাবিলা তাসনিদ, সাবিরা সুলতানা, মনীষা চক্রবর্ত্তী, তাসলিমা আখতার ও বিজয়ী রুমিন ফারহানা।পরাজয় শেষ নয়, লড়াইটাই বড়
সাধারণত বিজয়ীদেরই সংবর্ধনা দেওয়া প্রচলিত রীতি। তবে অনুষ্ঠানের শেষ পর্বটি ছিল বেশ ব্যতিক্রমী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আলোচিত ৬ নারী প্রতিদ্বন্দ্বীকে সংবর্ধনা দেওয়া হলো, যাঁদের মধ্যে ৫ জনই ভোটের যুদ্ধে বিজয়ী হতে পারেননি। তাঁরা হলেন সানজিদা ইসলাম তুলি, সাবিলা সুলতানা, নাবিলা তাসনিদ, মনীষা চক্রবর্তী, তাসলিমা আখতার ও বিজয়ী রুমিন ফারহানা। তাসনিম জারা আমন্ত্রিত হলেও অসুস্থতার জন্য অংশ নিতে পারেননি।
এই পর্বের সঞ্চালক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বিজয়ীকে অভিনন্দন। কিন্তু যাঁরা পুরুষ প্রভাবিত কঠিন পরিবেশে লড়াই করলেন, অভিনন্দন তাঁদেরও। এই লড়াকু মানসিকতার মধ্য দিয়ে তাঁরা প্রমাণ করেছেন নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে যায় না, লড়াই করাটাই বড়। তাঁদের এই লড়াকু মনোভাব সমাজে নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে একটি ইতিবাচক অনুপ্রেরণায় উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।
প্রতিক্রিয়া জানাতে এসে নারী প্রার্থীরাও তাঁদের সেই সংগ্রামের কথা শোনালেন। সানজিদা আক্তার বললেন, তাঁর ভাইকে গুম করার পর তিনি গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘মায়ের ডাক’ নামের সংগঠন গড়ে তোলেন। দীর্ঘ ১৪ বছর ফ্যাসিবাদের সঙ্গে লড়াই করে এই সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন। নির্বাচনী ফলাফল যা-ই হোক সেটি তাঁকে গণতন্ত্রের জন্য লড়াই থেকে সরিয়ে রাখতে পারবে না।
প্রথম আলোর আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনসাবিরা সুলতানা বলেন, তাঁর স্বামীকে হত্যার পর পরিবারে নিজের অবস্থান দৃঢ় করার জন্য সংগ্রাম করতে হয়েছে। এরপর লড়াই রাজনীতির ময়দানে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য পরিবার থেকেই এই বৈষম্যমূলক ভাবনার অবসান ঘটাতে হবে।
নাবিলা তাসনিদ বলেন, তিনি পেশায় প্রকৌশলী। জীবনে প্রথম নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে না পারলেও মানুষের বিপুল ভালোবাসা পেয়েছেন। মানুষের এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই তিনি রাজনীতির মাঠে সক্রিয় থাকবেন বলে দৃঢ় প্রত্যয় জানান।
গরিবের চিকিৎসকখ্যাত মনীষা চক্রবর্তী বলেন, তাঁর কাছে লড়াই চালিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। জনকল্যাণ ও রাজনীতিতে তিনি যে কাজ শুরু করেছেন প্রাপ্তির কথা না ভেবে তিনি তা অব্যাহত রাখবেন।
তাসলিমা আখতার ফ্যাসিবাদবিরোধী গণ-আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভোটের ময়দানে মানুষের কাছ থেকে যতটা ভরসা পেয়েছেন, ভোট ততটা পাননি। তবে এই ভরসাই তাঁকে আগামী দিনের সংগ্রামে প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।বিজয়ী প্রার্থী রুমিন ফারহানা বলেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী ছিলেন, বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাবেন। পাশাপাশি মানসিক প্রস্তুতিও ছিল মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার। কারণ, যে মানুষগুলোকে নিয়ে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের ত্যাগ করা সম্ভব ছিল না। এই মানুষেরা তাঁকে নির্বাচনের ময়দানে লড়াই করতে অনুপ্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। অনেকে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। আজ সেই মিথ্যা অপসৃত হয়েছে, সত্যের বিজয় হয়েছে।
এ পর্যায়ে মতিউর রহমান এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত রুমিন ফারহানার বই সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর-এর প্রথম কপিটি তাঁর হাতে তুলে দেন। প্রথম কপি হাতে পেয়ে রুমিন ফারহানা অভিভূত হয়ে বলেন, এই দিনটি তাঁর জীবনের একটি খুশির দিন।
সমাপনী বক্তব্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, নারীদের এখন ঘরে বসিয়ে রাখা যাবে না। প্রতিটি নারী কিছু না কিছু করতে চান। দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদের বাদ দিয়ে গণতন্ত্র এবং অর্থনীতি দাঁড়াতে পারবে না। সে কারণে নারীদের সুযোগ করে দিতে হবে।