ফেসবুকে গায়ক তানজীবের ‘আত্মহত্যার চেষ্টা’র খবর, যা বললেন স্ত্রী

· Prothom Alo

‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’—বৃহস্পতিবার মধ্যরাত থেকে এমনই খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। কয়েকটি পেজ থেকে এমনই দাবি করা হয়। গায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান। জানিয়েছেন, উচ্চ রক্তচাপে আইসিইউতে ভর্তি আছেন তানজীব।

Visit fish-roadgame.online for more information.

তানজীব সারোয়ার

এক ফেসবুক পোস্টে গায়কের স্ত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’
ফেসবুকে ছড়িয়ে পড়া খবরটিকে বিভ্রান্তিকর বলে সাবা সানজিদা লিখেছেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

সাবা সানজিদা রহমানের সঙ্গে কথা বলে প্রথম আলো। তিনি জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গতকাল ১২ তারিখ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে এরপর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সাবা বলেন, ‘ওকে ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন।’
ফেসবুকে ছড়িয়ে পড়া খবরের বিষয়েও কথা বলেন গায়কের স্ত্রী। জানান, এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। তিনি বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

তানজীব সারোয়ার

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’—এই গানগুলো গেয়ে আলোচনায় আসেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। গত বছরের ১১ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। কনে সাবা সানজিদা রহমান।
তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। তানজীবের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’।
সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ দিয়ে সিনেমার গানে অভিষেক ঘটে তাঁর।

Read full story at source