নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা ও শিক্ষক মামুন মাহমুদ
· Prothom Alo

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের তথ্য জানানো হয়।
মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি সোনারগাঁয়ের কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Visit forestarrow.help for more information.
মামুন মাহমুদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা। ১৯৮১ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে মামুন মাহমুদের রাজনৈতিক জীবন শুরু হয়। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একাধিক মামলার মুখোমুখি হন।
নিয়োগের বিষয়ে মামুন মাহমুদ প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের মাধ্যমে অবহেলিত খাতগুলোয় উন্নয়ন কার্যক্রম জোরদার করার চেষ্টা করবেন। অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে সমতার ভিত্তিতে জনকল্যাণে কাজ করতে চান তিনি।