সরকারের পরামর্শ নিয়ে পিএসএলে যাবেন মোস্তাফিজরা
· Prothom Alo

এবারের পিএসএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার, সংখ্যাটা ছয়ও হয়ে যেতে পারে। তাঁদের অনাপত্তিপত্রও দিয়েছে বিসিবি। তবে তাঁদের পাকিস্তানে যাওয়ার আগে সরকারের অনুমোদন নেবে বিসিবি। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
Visit likesport.biz for more information.
গতকাল প্রথম আলোকে নাজমূল আবেদীন বলেন, ‘আমরা সরকারের কাছে অনুমতি চেয়েছি। তারা এখনো কিছু জানায়নি। স্বাভাবিক পরিস্থিতিতে এমন কিছুর দরকার হয় না। কিন্তু এখন যেহেতু একটা ভিন্ন পরিস্থিতি, কোনো ঝুঁকি আছে কি না, তা জানতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।’
পাকিস্তানে যাওয়া নিরাপদ কি না অথবা গেলেও কোনো শহরে বিধিনিষেধ আছে কি না, সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই তা চূড়ান্ত হবে। এখন পর্যন্ত ৫ জন ক্রিকেটারের এবারের পিএসএল খেলা চূড়ান্ত হয়েছে—তাঁরা হলেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন।
এ ছাড়া ওপেনার তানজিদ হাসানের সঙ্গেও পেশোয়ার জালমির কথাবার্তা চলছে বলে জানা গেছে। এই খেলোয়াড়দের কেউই অবশ্য পিএসএলের পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র পাননি। ২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত হবে পিএসএল।
অন্যদিকে ১৩ এপ্রিল তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টুয়েন্টি ম্যাচ। জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ থাকায় এই সংস্করণে সম্ভাব্য সেরা দলটাই খেলাবে বাংলাদেশ।
এ জন্য মোস্তাফিজুর রহমানকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল প্রথম ধাপে এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজ খেলে আবার ২৪ এপ্রিল পিএসএলে যাবেন তিনি। এ ছাড়া তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আর টি-টুয়েন্টি দলে থাকা পারভেজ তা পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত।