সড়কের পাশের গাছে প্রাইভেট কারের ধাক্কা, বাবা–ছেলেসহ নিহত ৩

· Prothom Alo

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা বাবা, ছেলে ও ছেলের মেয়ে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও তিনজন।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

নিহত তিনজন হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার, তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া ও চার বছরের নাতনি সেহেরিশ। আহত তিনজন হলেন আবদুল মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা বেগম, পুত্রবধূ সাবরিনা জাহান ও নাতি সামিন আলমাস। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, মজিদ সরদার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনিকে নিয়ে গতকাল রাতে প্রাইভেট কারে করে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে যশোরের মনিরামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে তাঁদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে মজিদ সরদার ও তাঁর ছেলে মাহমুদ হাসান নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সেহেরিশ।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালক ঘুমিয়ে ঘুমিয়ে প্রাইভেট কার চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Read full story at source