নরসিংদীতে নৈশপ্রহরীকে বেঁধে গ্যারেজে ডাকাতি, বাধা দেওয়ায় দুজনকে ছুরিকাঘাত
· Prothom Alo

নরসিংদীতে নৈশপ্রহরীকে বেঁধে একটি গ্যারেজে ডাকাতি হয়েছে। এ সময় গ্যারেজে রাখা ১৫টি অটোরিকশার ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল। বাধা দিলে গ্যারেজমালিকের বাবা ও ছোট ভাইকে ছুরি মেরে আহত করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্যারেজমালিক এনামুল হকের বাবা কফিল উদ্দিন ভূঁইয়া (৫৫) ও ছোট ভাই আসিফ ভূঁইয়া (২২) বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
Visit afrikasportnews.co.za for more information.
এনামুল হক জানান, গ্যারেজে রাখা একটি মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। গতকাল দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ডাকাতেরা মোটরসাইকেলে হাত দিতেই অ্যালার্ম বেজে ওঠে। কফিল উদ্দিন ও আসিফ গ্যারেজে গিয়ে দেখতে পান নৈশপ্রহরী বাবু ও অটোরিকশাচালক জুয়েলকে বেঁধে রেখে তিন–চারজনের একটি ডাকাত দল অটোরিকশার ব্যাটারি লুট করে একটি পিকআপ ভ্যানে তুলছে। এ সময় বাধা দিলে ডাকাতেরা তাঁদের পেটে ছুরিকাঘাত করে ব্যাটারিভর্তি পিকআপ নিয়ে পালিয়ে যায়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাত দল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের একটি মুঠোফোন, ছুরি, জুতা, রশিসহ বিভিন্ন আলামত ফেলে গেছে। এসব আলামতের সূত্র ধরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।