জ্বালানি তেল নিতে গিয়ে হামলায় আহত চাকসু নেতা, হাসপাতালে ভর্তি
· Prothom Alo

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড–সংলগ্ন এম আলম ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
আহত চাকসু নেতার নাম মাসুম বিল্লাহ। তিনি চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে রয়েছেন। পূর্বশত্রুতার জেরে হাটহাজারী এলাকার কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।
Visit betsport.cv for more information.
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মাসুম বিল্লাহ তাঁর মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে হাটহাজারীর ওই ফিলিং স্টেশনে যান। সেখানে জ্বালানি তেল নেওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে তাঁকে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর ইফাজ জানান, মাসুম বিল্লাহর চোখের ওপরে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গুরুতর আঘাত থাকায় সিটি স্ক্যানের প্রয়োজন। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে আহত মাসুম বিল্লাহ জানান, ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে হাটহাজারীর এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান রাজ গুরুতর আহত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও চাকসু প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক হয়, যেখানে তিনিও ছিলেন। বৈঠকে হাটহাজারীর ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ে শিক্ষার্থীকে সহায়তা করার জেরেই মূলত তাঁর ওপর হামলা হয়েছে।
চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি জানান, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে হাটহাজারী থানায় মামলা হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, ঘটনাটি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। আহত চাকসু প্রতিনিধিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপাচার্য পুরো বিষয়টি তদারক করছেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে বলা হয়েছে।