দোহারে রাফি হত্যাকান্ড : বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
· Prothom Alo

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই।
Visit asg-reflektory.pl for more information.
মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। চব্বিশের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন।
পিবিআই ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাতেন নামের আরেক আসামি এখনো পলাতক।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা আছে দাবি করে রাফি করিমের মা আনোয়ারা খানম বলেন, তাঁদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুরের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান।