বিজিবি দেখে পালালেন চার ব্যক্তি, ফেলে যাওয়া ব্যাগে মিলল ১ হাজার ৪০০ গুলি

· Prothom Alo

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এই অভিযানের কথা জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে।

Visit extonnews.click for more information.

বিজিবি জানায়, গুলির একটি চালানের বিষয়ে গোপনে খবর পায় বিজিবি। তাই পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলি এলাকায় অবস্থান নেয়। শুক্রবার বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে সন্দেহভাজন চার ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দলটি তাঁদের থামার সংকেত দেয়। তবে সংকেত পেয়ে ওই চার ব্যক্তি তাঁদের মোটরসাইকেল ও একটি থলে ফেলে পাহাড়ি এলাকা বেয়ে পালিয়ে যান। পরে তাঁদের ফেলে যাওয়া থলে তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি পায় বিজিবির টহল দল।

বিজিবির দাবি, উদ্ধার হওয়া গুলি নিয়ে ঘটনাস্থল থেকে ফেরার সময় সন্ত্রাসীদের একটি দল বিজিবি সদস্যদের ঘেরাওয়ের চেষ্টা করে। তবে দ্রুত বিষয়টি জানতে পারে পানছড়ি ব্যাটালিয়ন সদরদপ্তর। সেখান থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সন্ত্রাসীরা সরে যায়।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Read full story at source