ব্রডব্যান্ড নিয়ে মেলা শুরু ১৩ এপ্রিল
· Prothom Alo

দেশে আয়োজিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে মেলা ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রদর্শনী রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথম দুই দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শেষ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি।
ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের নানা দিক তুলে ধরা হবে। একই সঙ্গে খাতটির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করা হবে।
Visit asg-reflektory.pl for more information.
এক্সপোর আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’–এর এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।
সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘এই মেলার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন দাবি সরকারকে জানানোর চেষ্টা করব এবং মেলা শেষে আমরা লিখিতভাবে আমাদের দাবি জানাব। সেই সঙ্গে গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় আসার জন্য, যাতে আমাদের নতুন সব উদ্ভাবন সম্পর্কে জানাতে পারব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব নাজমুল করিম ভুঞা, যুগ্ম মহাসচিব মাহবুব আলম, ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমানসহ সব পৃষ্ঠপোষকের প্রতিনিধিরা।
মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবোটিকস ও ইন্টারনেট অব থিংস (আইওটি)–ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। দর্শনার্থীরা এক্সপেরিয়েন্স জোনে এসব প্রকল্প ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে।
‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’–এর প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশনস লিমিটেড। ডায়মন্ড স্পনসর হিসেবে আছে আম্বার আইটি লিমিটেড, সি-ডেটা, ওএফএস কেব্লস এবং রেস অনলাইন লিমিটেড। এ ছাড়া গোল্ড স্পনসর হিসেবে অংশ নিচ্ছে কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশনস লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড ও জিনিউ বাংলাদেশ লিমিটেড।