ফরিদপুরে দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

· Prothom Alo

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ফরিদপুর সফরে এসেছেন। তিনি আজ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আজ বেলা ১১টার দিকে তিনি ঢাকা থেকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় স্থাপিত জোবায়দা করিম জুট মিলে পৌঁছান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা পাটকলটি পরিদর্শন করেন। এ সময় তিনি পাটকলের উৎপাদিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।

Visit tr-sport.click for more information.

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে রাশেদ আল মাহমুদ তিতুমীর ফরিদপুর শহরতলির হাড়োকান্দিতে অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউটে যান। সেখানে ইনস্টিটিউটের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি ডিজিটাল উপস্থাপনা তাঁর সামনে তুলে ধরা হয়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা নিয়ে ‘ফরিদপুরে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে তাঁর সফরসূচির ধারণা তুলে ধরবেন। তিনি মূলত এ অঞ্চলের পাটশিল্পের সমস্যা, সম্ভাবনা ও করণীয়, নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম জোরদার করা এবং পাঁচ জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক নিয়ে এ অঞ্চল সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নবিষয়ক যে মতামত পাওয়া যাবে, এর ওপর আলোকপাত করে বক্তব্য দেবেন।

বেলা তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার অন্যান্য কর্মসূচির মধ্যে আছে কুমার নদ ও জসীমউদ্‌দীন কমপ্লেক্স পরিদর্শন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সম্মানে বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

Read full story at source