ম্যান সিটি-আর্সেনাল: যে ছয় প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে ম্যাচের ফল

· Prothom Alo

মঞ্চ প্রস্তুত। বাংলাদেশ সময় আজ রাত ৯.৩০ মিনিটে ইতিহাদে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার এখন যে অবস্থা, তাতে শিরোপা লড়াই যেন কার্যত এই এক ম্যাচে এসেই ঠেকেছে। বলা হচ্ছে, এই ম্যাচটা ‘উইনার টেকস অল’ ধরনের। জিতলে শিরোপা প্রায় হাতের নাগালে, হারলে আশা প্রায় শেষ।

Visit asg-reflektory.pl for more information.

পয়েন্ট তালিকা বলছে, ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সিটির পয়েন্ট ৬৪, কিন্তু তারা ম্যাচ খেলেছে আর্সেনালের চেয়ে একটা কম। আজ সিটি জিতে গেলে দুই দলের ব্যবধান নেমে আসবে ৩ পয়েন্টে, সিটির হাতে থাকবে একটা বাড়তি ম্যাচ। মানে কার্যত তখন দুই দল থাকবে একই অবস্থানে। এই ম্যাচটাকে তাই মনে করা হচ্ছে অলিখিত ফাইনাল।

সেই ফাইনালের ফল নির্ধারণ করে দিতে পারে ছয়টি প্রশ্নের উত্তর।

ড্রয়ের জন্য খেললেই কি চলবে আর্সেনালের?

আর্সেনাল কোচ মিকেল আরতেতা (বাঁয়ে) ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

চাপটা আর্সেনালের ওপরেই বেশি। ২২ বছরে একটিও লিগ শিরোপা নেই, সেই চাপ আর উদ্বেগ একসঙ্গে কাজ করছে। তবে সিটিরও ঝুঁকি কম নয়। আজ না জিতলে তাদের শিরোপার আশা প্রায় শেষ। এই বাস্তবতায় আর্সেনাল হয়তো ড্রয়ের লক্ষ্যে খেলতে পারে। বুকায়ো সাকা ও সম্ভবত মার্টিন ওডেগার্ড না থাকায় রক্ষণাত্মক কৌশলই বেশি মানানসই তাদের জন্য। তবে আর্সেনালের সমস্যাটা অন্য জায়গায়। বড় ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে স্মরণীয় জয় ছিনিয়ে আনার সাহসটা এখনো তেমন দেখাতে পারেনি তারা। এই ইতিহাদেই গত দুই মৌসুমে দুটি ড্র করেছে তারা। তার আগে ২০২২-২৩ মৌসুমে ৪-১ গোলে বিধ্বস্ত। গত মৌসুমে তো ড্র করার চেয়ে একটু বেশি সাহসী হলে শিরোপাটা লন্ডনেই যেত। তবে আজ ড্রয়ের জন্য খেলার সিদ্ধান্ত ভুল নয়, মিকেল আরতেতাও সেটা জানেন। একটা পয়েন্টেও সিটিকে পিছিয়ে রাখা যাবে বেশ খানিকটা।

ম্যান সিটি-আর্সেনাল লড়াই: ইতিহাদে কি আজ তবে ‘ফাইনাল’

কারাবাও কাপের ছায়া কি পড়বে এই ম্যাচে?

কারাবাও কাপের ট্রফি হাতে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।

মাত্র কয়েক সপ্তাহ আগে ওয়েম্বলিতে কারাবাও কাপ ফাইনালে সিটির কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। সেদিন ট্রফি উঁচিয়ে সিটি যখন উৎসবে মাতল, আর্সেনালের খেলোয়াড়েরা দাঁড়িয়ে দেখলেন সেই দৃশ্য। প্রশ্ন হলো, সেই স্মৃতি কি আজ আর্সেনালকে চাপে ফেলবে?

সিটির অভিজ্ঞতা এই দিক থেকে অনেক বেশি। বড় ম্যাচে শান্ত থেকে জেতার অভ্যাস হয়ে গেছে তাদের। তবে এ মৌসুমে সিটিও তাদের সেরা ছন্দে নেই। অতিরিক্ত আত্মবিশ্বাসে পা পিছলে যাওয়ার সুযোগটা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বড় ম্যাচে আর্সেনালের রেকর্ড কী বলে?

এ মৌসুমে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারার আগে পর্যন্ত 'বিগ সিক্স' দলগুলোর বিপক্ষে লিগে দীর্ঘ অপরাজিত ছিল আর্সেনাল। আরতেতা সাধারণত গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে তৈরি করেন দারুণভাবে। কিন্তু ইতিহাদ যেন একটু আলাদা। ২০১৫ সালের পর এই মাঠে একবারও জিততে পারেনি আর্সেনাল। এই মুহূর্তে আর্সেনালের ফর্মও ভালো না। সিটি তুলনায় ভালো খেলছে। সবকিছু বিবেচনায়, সিটির মাঠে টানা তৃতীয় ড্রও খুব একটা খারাপ ফল হবে না আর্সেনালের জন্য।

চোটের ধাক্কা কোন দল সামলাবে কীভাবে?

চোটের কারণে খেলতে পারবেন না আর্সেনাল তারকা বুকায়ো সাকা

বুকায়ো সাকার অনুপস্থিতি নিশ্চিত। ওডেগার্ড, জুরিয়েন টিম্বার ও রিকার্দো কালাফিওরি খেলবেন কি না, এখনো স্পষ্ট নয়। খেললেও পুরোপুরি ফিট থাকবেন না।

সিটির অবস্থা তুলনামূলক ভালো। পেপ গার্দিওলা জানিয়েছেন নিকো ও'রেইলি ফিরছেন। তবে রুবেন দিয়াস নেই—এটা বড় ধাক্কা। ইওস্কো গভারদিওলও দীর্ঘমেয়াদি চোটে।

আর্সেনালের সমস্যা হলো, টের ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে আক্রমণভাগে। আর এমনিতেই সেটা তাদের দুর্বল জায়গা। নোনি মাদুয়েকে সাকার বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই। এবেরেচি এজের ফেরাটা স্বস্তির, কারণ কারাবাও কাপ ফাইনালে তাঁকে মিস করেছিল আর্সেনাল। তবে ওডেগার্ডের মতো খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা দলে আর কারও নেই। তাই রক্ষণাত্মক কৌশলের দিকে হেলে পড়া ছাড়া আর্সেনালের উপায় কম।

আর্সেনাল না ম্যান সিটি: পরের পাঁচটা ম্যাচ কোন দলের জন্য বেশি কঠিন

হলান্ড কি এবার জ্বলে উঠবেন?

সর্বশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই গোল পাননি আর্লিং হলান্ড

আর্লিং হলান্ড বেশ কিছুদিন ধরে ছন্দে নেই, সর্বশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই গোল পাননি। অথচ বিষয়টা নিয়ে তেমন আলোচনা নেই।

আর্সেনালের বিপক্ষে তাঁর রেকর্ড অবশ্য ভালো। গত মৌসুমে দুই লেগেই গোল, এ মৌসুমে এমিরেটসেও গোল করেছেন। এ মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোল তাঁর। কিন্তু শেষ ১৩ লিগ ম্যাচে মাত্র তিনটি — দুটি আবার পেনাল্টি থেকে। এফএ কাপে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন, সেটায় হয়তো ফর্মে ফেরার ইঙ্গিত আছে। কিন্তু এই মুহূর্তে উইলিয়াম সালিবা আর গ্যাব্রিয়েল মাগালিয়েসের দেওয়াল ভাঙাটা তাঁর জন্য সহজ দেখাচ্ছে না।

‘বটলার’তকমা ঘোচাবে আর্সেনাল?

‘বটলার’ (শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা দল)— এই তকমাটা বহু বছর ধরে বহন করছে আর্সেনাল। গত সপ্তাহে বোর্নমাউথের কাছে আর্সেনাল হারল, পরদিনই চেলসিকে গুঁড়িয়ে দিল সিটি। ইন্টারনেটে গানার্সদের নিয়ে এরপর থেকে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। সমালোচকদের ভুল প্রমাণ করার এর চেয়ে ভালো সুযোগ আর নাও আসতে পারে।

ইউরোপিয়ান ফুটবল: আবারও কি থ্রিলার উপহার দিতে যাচ্ছে আর্সেনাল–ম্যান সিটি

Read full story at source