ইয়ামালকে বিশ্বকাপে যেভাবে খেলাতে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে
· Prothom Alo

তিনি অপেক্ষায় ছিলেন নায়ক হওয়ার। ফর্ম, সময় ও দলের আস্থা—সবকিছু তাঁর পক্ষে ছিল। বিশ্বকাপে তাঁর জ্বলে ওঠাটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু সেই সময়টা আসার আগেই চলে এল অপয়া চোট। যে চোট হুমকিতে ফেলে দিয়েছে লামিনে ইয়ামালের বিশ্বকাপ খেলার স্বপ্নকেও।
আর চোট কাটিয়ে শেষ পর্যন্ত ফিরলেও ইয়ামালকে হয়তো শুরু থেকে পুরো সময়ের জন্য পাওয়া যাবে না। তরুণ এই উইঙ্গারকে ঘিরে এখন বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। এরই মধ্যে ফুয়েন্তে ইয়ামালকে বিশ্বকাপে শুরু থেকে পুরো ৯০ মিনিট না খেলিয়ে বরং প্রথম দিকে বদলি হিসেবেও ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে বড় ম্যাচে তাঁর প্রভাবও অনেক বেশি হবে বলে মনে করেন স্প্যানিশ এই কোচ।
Visit arroznegro.club for more information.
২০২৬ বিশ্বকাপে যেসব তারকার ওপর বিশেষ দৃষ্টি থাকবে ইয়ামাল তাঁদের অন্যতম। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট বড় বাধা হয়ে সামনে এসেছে। ফলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সামনে রেখে তাঁর খেলার চাপ ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে স্পেন জাতীয় দলকে। তাঁকে খুব দ্রুত আবার শুরুর একাদশে ফিরিয়ে বড় ঝুঁকি নিতে চাইছেন না কোচ। তাতে বিপদ আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ শেষ নাবরির, শঙ্কায় এস্তেভাও–ইয়ামালস্প্যানিশ সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্ত’-এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক অনুষ্ঠানে দে লা ফুয়েন্তে স্বীকার করেছেন, ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে শুরুতে পুরো ম্যাচ খেলানোর চেয়ে অল্প সময়ের জন্য নামালে তিনি বেশি কার্যকর হতে পারেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে বদলি হিসেবে ইয়ামালকে খেলানোর পরিকল্পনা করছে স্পেন। আর সব ঠিকঠাক থাকলে নকআউট পর্বে হয়তো শুরুর একাদশে ফিরতে পারেন তিনি।
বার্সেলোনার ম্যাচে চোটে পড়েন লামিনে ইয়ামালদে লা ফুয়েন্তে খোলাখুলিভাবেই জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলেও কিছু খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলে তিনি মনে করেন। তাঁর বিশ্বাস, ইয়ামালের মানের একজন ফুটবলার অল্প সময় মাঠে নেমেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এ সময় ২০২৪ সালের ইউরোতে দানি ওলমোর অবদান রাখার দৃষ্টান্তও টানেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেছেন, ‘দল নির্বাচন করার সময় আমরা সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রাখি। আপনি এগিয়ে আছেন কি না, পিছিয়ে আছেন কি না, কিংবা প্রতিপক্ষ ১০ জনে নেমে গেছে কি না। কিছু খেলোয়াড় আছে, যারা আপনাকে মাত্র ২০ মিনিট খেলেও বড় অবদান দিতে পারে। সেটিরও অনেক মূল্য আছে। ওলমো চোট নিয়েই এসেছিল, আমরা প্রায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
দে লা ফুয়েন্তের কাছে পুরো পরিকল্পনাটিই এখন দীর্ঘমেয়াদি চিন্তার অংশ। এক মাসব্যাপী বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টে শুরু থেকেই ইয়ামালের ওপর অতিরিক্ত চাপ দিতে চায় না দল। কোচিং স্টাফ অপেক্ষা করতে প্রস্তুত, যাতে ইয়ামাল পুরোপুরি ম্যাচ–ফিট ও সেরা ছন্দে ফিরতে পারেন। তাদের মূল লক্ষ্য, টুর্নামেন্টের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে নামা।
বিশ্বকাপের আগে কেন এত চোটে পড়ছেন খেলোয়াড়েরাদে লা ফুয়েন্তে বলেছেন, ‘কিছু খেলোয়াড় হয়তো আপনাকে ৫০ বা ৬০ মিনিট দিতে পারবে না, কিন্তু তারা ২০ মিনিট খুব ভালো খেলতে পারে। সেটাই পার্থক্য গড়ে দিতে পারে। কিছু খেলোয়াড় ঠিক সময়মতো ছন্দে ফিরে নকআউট পর্বে নির্ধারক ভূমিকা রাখতে পারে। আমাদের অগ্রাধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেরা দলকে প্রস্তুত রাখা।’
এদিকে স্পেন দলের চিকিৎসক অস্কার সেলাদাও ইয়ামালকে নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তাঁর মতে, চোট থেকে সেরে ওঠা আর পুরোপুরি আগের সেরা পারফরম্যান্সে ফেরা এক বিষয় নয়।
সেলাদা বলেন, ‘একজন খেলোয়াড়ের জন্য শুধু চোটমুক্ত হওয়াই যথেষ্ট নয়, তাকে সর্বোচ্চ ফর্মে ফিরতে হয়। চোট থেকে ফেরার পর সবচেয়ে বড় ঝুঁকি হলো আবার চোটে পড়া। বিশ্বকাপের সূচি এতটাই কঠিন, যেখানে তিন বা চার দিন পরপর ম্যাচ, ফলে বিরতি ছাড়া চলা সম্ভব নয়। আমরা ক্লাবগুলোর সঙ্গে সব সময় যোগাযোগ রাখি। এটি শুধু একবারের মেডিকেল রিপোর্ট নয়, বরং খেলোয়াড়ের প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।’