সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে পানির স্রোতে তলিয়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মেহেরাজ (১৯)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পানিতে তলিয়ে যান তিনি। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। নগরের এমইএস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

Visit newsbetting.cv for more information.

পুলিশ জানায়, মেহেরাজ তাঁর এক সহপাঠীর সঙ্গে চট্টগ্রাম নগর থেকে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। বিকেলে তিনি অন্য পর্যটকদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। এরপর হঠাৎ পানির স্রোতে তিনি তলিয়ে যান। তাঁর সহপাঠীসহ অন্য পর্যটকেরা তাঁকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাননি। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরাজের লাশ ভেসে উঠলে তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. রাসেল প্রথম আলোকে বলেন, মেহেরাজ মা–বাবার একমাত্র ছেলে ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read full story at source