দুবার পিছিয়েও মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা কিংসের

· Prothom Alo

ফ্লাডলাইটের আলোয় ঝলমলে গ্যালারি। একদিকে স্বাগতিক বসুন্ধরা কিংসের সমর্থকদের ঢাক-ঢোলের আওয়াজ, অন্যদিকে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের মোহামেডান সমর্থকদের নেচে-গেয়ে গগনবিদারী উল্লাস। এমনকি গ্যালারির এক পাশে শোভা পাচ্ছিল মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাউর রহমান ওরফে ‘আতা ভাই’-এর বিশাল এক প্রতিকৃতি।

এমন এক জমজমাট ও আবেগঘন আবহে মাঠে গড়াল ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনাল। মাঠের বাইরের সব নাটকীয়তা পেছনে ফেলে শেষ পর্যন্ত দুবার পিছিয়েও ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এটি তাদের টানা তৃতীয় শিরোপা। এ ছাড়া চলতি মৌসুমেও কিংসের তৃতীয় শিরোপা এটি।

Visit afrikasportnews.co.za for more information.

ফেডারেশন কাপের ফাইনালটি কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু কিংসের মাঠে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল মোহামেডান। পরে বাফুফের দেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থার নিশ্চয়তার পর আজ মাঠে নামতে রাজি হয় সাদা-কালোরা।

ম্যাচের শুরুতেই কিংস অ্যারেনাকে স্তব্ধ করে দেয় মোহামেডান। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই ফ্রি কিক থেকে কিংসের জালে বল জড়ান মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ প্রথম পোস্ট আগলে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু বল যে দ্বিতীয় পোস্ট দিয়ে চোখের পলকে জালে জড়িয়ে যাবে—তা তিনি বুঝতেই পারেননি। ১-০–তে পিছিয়ে পড়ে কিংস।

তবে সমতা ফেরাতে সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটেই পেনাল্টি পায় কিংস। স্পট কিক থেকে দারুণ গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ।

২৩ মিনিটে আবারও পেনাল্টি, এবার মোহামেডানের পক্ষে। জোড়া গোলের সুবর্ণ সুযোগ ছিল মোজাফফরভের সামনে। কিন্তু কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে মোজাফফরভের শটটি রুখে দেন। প্রথম গোলের ভুল শুধরে কিংসকে ম্যাচে টিকিয়ে রাখার এক লাইফলাইন দেন শ্রাবণ। স্বস্তি ফেরে কিংস শিবিরে।

প্রথমার্ধের খেলায় মাঝমাঠে মোজাফফরভের দূরদর্শী নেতৃত্ব আর দুই উইংয়ের অতি সক্রিয়তায় কিংসের রক্ষণভাগকে তটস্থ রাখে মোহামেডান। বারবার বক্সে আতঙ্ক ছড়ালে কিংস রক্ষণের তপু বর্মণরা প্রবল চাপে ছিলেন। অন্যদিকে কিংসের পরিকল্পনা ছিল উইং থেকে ক্রস বাড়িয়ে দরিয়েলতনের হেডকে কাজে লাগানো, যা প্রথমার্ধে খুব একটা আলো ছড়াতে পারেনি। এর মধ্যেই ৩৫ মিনিটে আবারও এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে বক্সে আসা একটি মাপা বলে দারুণ প্লেসিংয়ে গোল করেন সৌরভ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

বিরতি থেকে ফিরেই খোলস ছেড়ে বের হয় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে যান দরিয়েলতন। মোহামেডানের ডিফেন্ডাররা অফসাইডের ফাঁদ পাততে গিয়ে ব্যর্থ হন। সেই সুযোগে বল নিয়ে অনায়াসে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে পরাস্ত করে নিখুঁত প্লেসিং করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ম্যাচে সমতা আসে ২-২ ব্যবধানে। ৭৫ মিনিটে তৃতীয় গোল করে কিংস। এটিও দরিয়েলতনের। মোহামেডানের হাইলাইন ডিফেন্স টপকে দরিয়েলতন বল নিয়ে বক্সে ঢুকে গোল করেন। ফেডারেশন কাপে এটি তাঁর ১২তম গোল। লিগে করেছেন ১৭ গোল।

১৪ বছর পর ২০২৩ সালে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ পুনরুদ্ধার করেছিল মোহামেডান। দুই মৌসুম পর আবারও সেটি পুনরুদ্ধারের স্বপ্ন দেখছিল তারা। তবে মোহামেডানকে হতাশ করে এই জয়ের মাধ্যমে নিজেদের টানা তৃতীয় ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস।

একই সঙ্গে ঘরোয়া ফুটবলের গত সাত মৌসুমের মধ্যে এটি কিংসের পঞ্চম ফেডারেশন কাপ শিরোপা। অন্য দুটি শিরোপা মোহামেডান ও আবাহনীর। বসুন্ধরা কিংস এবার ফেডারেশন কাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যালেঞ্জ কাপ জিতেছিল।

Read full story at source