চাঁদপুরে ৯ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, উৎকণ্ঠায় স্বজনেরা
· Prothom Alo

ব্যবসায়ী রাধু চন্দ্র দাস (৪৮) ১৪ মে সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। ৯ দিনের বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ব্যবসায়ীর স্ত্রী।
রাধু চন্দ্র দাসের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে। ওই গ্রামের নিন্টু চন্দ্র দাসের বড় ছেলে তিনি। উপজেলা সদরের রথবাজার এলাকায় তাঁর একটি খাবারের হোটেল ও চায়ের দোকান রয়েছে।
Visit amunra-opinie.pl for more information.
ব্যবসায়ীর ছোট ভাই রাজন চন্দ্র দাস বলেন, ভাইয়ের সন্ধান না পেয়ে তিনিসহ পরিবারের সবাই উৎকণ্ঠায় রয়েছেন। ১৪ মে সকাল ৬টায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ভাই রাধু চন্দ্র দাস। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। এ বিষয়ে ১৬ মে তাঁর ভাবি কাকলী রানী দাস মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রাজন চন্দ্র দাস বলেন, ৯ দিনের বেশি সময় পার হলেও এখনো তাঁর ভাইয়ের খোঁজ মিলছে না। ভাইয়ের চিন্তায় তাঁর বৃদ্ধ ও অসুস্থ বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। পূর্বশত্রুতার জেরে বা ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বের জেরে তাঁকে কেউ খুন বা গুম করতে পারে বলে তাঁর শঙ্কা।
স্ত্রী কাকলী রানী দাস বলেন, ‘এখনো আমার স্বামীর খোঁজ পাইনি। সে কি বেঁচে আছে নাকি কেউ মেরে ফেলেছে, তাও বুঝতে পারছি না। আমার স্কুলপড়ুয়া ছেলেটি বাবাকে ডাকছে। টেনশনে মরে যাচ্ছি। কাঁদতে কাঁদতে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, স্বামীর খোঁজ নেই।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ওই ব্যবসায়ীর সন্ধান এখনো পাননি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।