গাজীপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তারের পর কারাগারে
· Prothom Alo

গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণ ও গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
Visit asg-reflektory.pl for more information.
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সেলিম খান (৪০) শিশুটির আত্মীয় হন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। প্রায় পাঁচ বছর ধরে তিনি গাজীপুরে বাদীর বাসায় সপরিবার বসবাস করে আসছিলেন। সেলিমের ঘরে ভুক্তভোগী শিশুটি প্রায়ই যাওয়া-আসা করত। শনিবার দুপুরে শিশুটির বড় বোন (১৮) সেলিম খানের ঘরে যান। সেখানে তাঁর ব্যবহৃত কম্পিউটারটি চালু ছিল। সে সময় সেলিম ঘরে ছিলেন না। বড় বোন কম্পিউটারে ছবি দেখতে গিয়ে হঠাৎ তাঁর ছোট বোনের কিছু আপত্তিকর ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান। পরে জানা যায়, খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়।
শিশুটির পরিবার জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মের মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হতো।
পুবাইল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে আজ রোববার ভোরে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে অন্তত পাঁচবার ধর্ষণের অভিযোগ রয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।