শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন
· Prothom Alo

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে গাজীপুর মহানগরের শিববাড়ি জুলাই চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে এ কর্মসূচির আয়োজন করে গাজীপুর বন্ধুসভা।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও তরুণেরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ‘দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে অপরাধীর দ্রুত বিচার না হওয়ায় আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে; যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। ধর্ষক ও নিপীড়কদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
Visit asg-reflektory.pl for more information.
সভাপতিত্ব করেন গাজীপুর বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম ও আশিকুর রহমান খান। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক ও কবি মাধব চন্দ্র মণ্ডল, বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (আইসিটি) নাভানা আফরোজা, বন্ধু সাব্বির আহামেদ, মো. ইমরান প্রমুখ।
শিক্ষক ও কবি মাধব চন্দ্র মণ্ডল বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি জাতির জন্য চরম লজ্জার বিষয়। শুধু আইন করলেই হবে না, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নারী ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে। ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এসব ঘটনা বন্ধ করা সম্ভব নয়।’
নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (আইসিটি) নাভানা আফরোজা বলেন, ‘শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে হবে, প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ কমে আসবে।’
গাজীপুর বন্ধুসভার উদ্যোগে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন।বন্ধু সাব্বির আহামেদ বলেন, ‘শুধু প্রতিবাদ নয়, সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেক মানুষকে সোচ্চার হতে হবে।’
বন্ধু মো. ইমরান বলেন, ‘নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। সবাই একসঙ্গে কাজ করলেই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, সাংস্কৃতিক সম্পাদক আফ্রা আনজুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়া মণ্ডল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া রিতা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইসমাইল, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু মওদুদ আহমেদ, রাশেদ আহমেদ, আলভি ইসলাম, সাইদুল রহমান, বৃষ্টি আক্তার, রাহুল আহমেদ, রিয়াজুল ইসলাম, আফরিন সুলতানা, সুমনা বিনতে নিঝুম, জুই রানী দেবনাথ, সুয়াইবা ঝুমুর, অশ্ব রঞ্জন গুপ্তসহ অন্য বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, গাজীপুর বন্ধুসভা