মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, নিহত এক
· Prothom Alo

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বাসচালকের সহকারী নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৬টার দিকে বনানী থানাধীন মহাখালীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল।
Visit sportbet.reviews for more information.
দুর্ঘটনায় বাসের চালকের সহকারী মো. রফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) নামে দুই যাত্রী। তাঁরা একই হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাটি বাংলা পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছিল। খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। আহত দুজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।