বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন
· Prothom Alo

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতা খুন হয়েছেন। এ সময় বিএনপির এক নেতাও আহত হয়েছেন।
বাদল মোড়ল সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভপতি।
Visit mwafrika.life for more information.
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে করে গতকাল রাতে বারুইপাড়া থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। পথে ফকিরহাটের নিয়তির মোড় এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত আবদুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত আবদুল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদল মোড়লের মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ও জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।