স্মৃতির শহর ও তুমি

· Prothom Alo

‎এই শহরের প্রতিটি চেনা মোড়,
‎প্রতিটি নিয়ন আলো আজ বড্ড অচেনা লাগে।
‎যে ফুটপাথ ধরে একসময় আমরা আঙুল ছুঁয়ে হেঁটেছিলাম।
‎সেখানে আজ শুধুই শুকনা পাতার মরমর শব্দ আর একলা মানুষের দীর্ঘশ্বাস।
‎শহরের ট্রাফিক জ্যাম, কোলাহল কিংবা
‎বৃষ্টির ঝাপটা—সবকিছুতেই কেমন যেন একটা
‎চেনা মানুষের অনুপস্থিতি তীব্র হয়ে বাজে।
রোজ সেই স্মৃতির শহরের অলিগলিতে হেঁটে বেড়াই,
‎মানুষ ভাবে একলা হাঁটি,
‎অথচ তারা জানে না,
‎আমার পাশে পাশে এখনো হেঁটে চলে এক রুপালি মরীচিকা।
‎ল্যাম্পপোস্টের হলুদ আলোয় যখন
‎নিজের ছায়াটা দেখি,
‎ঠিক তার পাশেই যেন তোমার ওই চেনা অবয়বটা আলতো করে উঁকি দিয়ে যায়।
‎তুমি তো চলে গেছ,
‎নিজের মতো করে গুছিয়ে নিয়েছ অন্য কোনো আকাশ,
‎অথচ এই শহরে আমার জন্য ফেলে রেখে গেছ এক
‎অনন্ত চাতকের তৃষ্ণা।
‎কফির কাপে এখন আর দুটো ঠোঁট একজাগায় স্থির হয় না, গল্প জমে না,
‎ধোঁয়াটে মেঘের মতো একাকিত্ব এসে গ্রাস করে নেয় পুরোটা টেবিল।
‎পথের প্রান্তে কিছু মানুষ জিজ্ঞেস করে, ‘কেমন আছ?’
‎ঠোঁটের কোণে একটুখানি মিথ্যা দীপ্তি ফুটিয়ে বলি, ‘ভালো।’
‎কী অদ্ভুত, তাই না?
‎কীভাবে একটা আস্ত জীবন হাসিমুখে বেঁচে থাকার অভিনয় করতে হয়—
‎এই শহর এবং তুমি আমায় খুব ভালো করেই শিখিয়েছ।
‎আজকাল আর কোনো অভিযোগ নেই,
‎অজুহাতের দেয়াল ভেঙে মন আজ বড্ড একা।
‎অনুনয় আর অনুকম্পার পাঠ চুকে গেছে বহুদিন আগে,
‎থিতিয়ে গেছে বুকের ভেতরের সেই তীব্র আকুতিরাও।
‎‎যেখানে কোনো চাওয়া নেই,
‎সেখানেই বুঝি আসল মুক্তির আনন্দ লুকিয়ে থাকে,
‎তাই শুধু জানালার পাশে বসে থাকা কিছু মধ্যরাত জানে,
‎কীভাবে এক ফোঁটা চেনা সুবাসের খোঁজে
এই শহরের বুকে আজও তিলে তিলে ফুরিয়ে যাই।
‎তুমি হয়তো এখন অন্য কারও শহরের সবচেয়ে উজ্জ্বল তারাটি।
‎আর আমি আজও তোমার ফেলে যাওয়া এই অন্ধকার শহরটাকেই
আমার বেঁচে থাকার শেষ আশ্রয় করে রেখেছি।
‎নদীর জল যেমন আর ফেরার আকুতি করে না,
‎আমারও মন আজ তেমনি শান্ত, উদাসীন।

Visit esporist.org for more information.

Read full story at source