শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক সভা অনুষ্ঠিত

· Prothom Alo

এআইয়ের প্রভাবে কর্মক্ষেত্রে প্রযুক্তি ও মানুষ যেন একরকম মুখোমুখি অবস্থানে! এ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিনিয়তই শিল্পপ্রতিষ্ঠানগুলোয় পরিবর্তন ঘটছে। অন্যদিকে বিশ্বের বাজার অর্থনীতি ও কর্মস্থলের চাহিদা অনুযায়ী দেশে নেই উপযুক্ত শিক্ষা ও দক্ষ কর্মী। এ অবস্থায় দ্রুত পরিবর্তনশীল শিল্প ও কর্মস্থলের সঙ্গে তাল মিলিয়ে তরুণ গ্র্যাজুয়েটদের প্রস্তুত করা এবং শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় সাধন করা ছাড়া বিকল্প নেই।

এমন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এএমএমটি ডিপার্টমেন্ট ও এসআইসিআইপি–বিজিএমইএর জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়।

Visit afrikasportnews.co.za for more information.

তৈরি পোশাক (আরএমজি) ও টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও দেশের শীর্ষস্থানীয় পোশাকশিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য মো. শাহ–ই–আলম।

সভায় গেস্ট অব অনারের বক্তব্যে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, বর্তমান যুগের ছোট পরিবারের বাবা–মায়েরা সন্তানদের অতিরিক্ত আদর–আহ্লাদের মধ্যে না রেখে তাঁদের ঘরের কাজ, বাড়ির সামনের পরিচ্ছন্নতা কিংবা বাবার দৈনন্দিন ই–মেইল দেখা ও অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি গুছিয়ে দেওয়ার মতো কাজে সম্পৃক্ত করাসহ শিল্প ও সংস্কৃতির সংস্পর্শে রেখে তাঁদের দায়িত্বজ্ঞানসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তাঁরাই ভবিষ্যৎ দক্ষ পেশাজীবী হবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজিএমইএর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ বলেন, ‘বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাজার অর্থনীতি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা ক্রমেই পিছিয়ে পড়তে পড়তে একসময় হারিয়ে যাব। এ পরিস্থিতি এড়াতে হলে আমাদের অবিলম্বে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান ও এএমএমটি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও হেড ফারজানা মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএমটি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক রিয়াশাদ বিন কবির ও প্রকল্পের কো–অর্ডিনেটর আশফাকুর রহমান।

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপ, এবিএ গ্রুপ, সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেড, ডিবোনেয়ার ব্যাগ অ্যান্ড লাগেজ লিমিটেড, শিন শিন গ্রুপ, গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসকো গ্রুপ, এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, কিউ কালেকশন প্রাইভেট লিমিটেড, পিমকি অ্যাপারেলস লিমিটেডসহ দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ ও অন্য বিভাগের প্রধানেরা অংশগ্রহণ করেন।

Read full story at source