লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত
· Prothom Alo

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম সুরাইয়া জান্নাত (২০)। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোনাপাড়া জমিদারবাড়ি এলাকার আরিফুল রহমানের মেয়ে এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী।
Visit betsport24.es for more information.
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী ইম্পিরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে। কলেজছাত্রীর লাশ বর্তমানে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পরপরই দুই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।