নোয়াখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

· Prothom Alo

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সোনাপুর–কবিরহাট–কোম্পানীগঞ্জ সড়কের বারিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Visit mchezo.life for more information.

নিহত দুজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের করালিয়া গ্রামের জিহাদ হোসেন (২০) এবং বসুরহাট পৌরসভার কাশেম ব্যাপারী বাড়ির বাসিন্দা তারেক রহমান ওরফে শিবলু (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জিহাদ ও শিবলু মোটরসাইকেলে করে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বারিপুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে পুলিশকে খবর দেন। তবে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল

খবর পেয়ে কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। পরে স্বজনেরা থানায় এসে তাঁদের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source