মাদক ও সাইবার আইন সংশোধনে দুই বিল সংসদে

· Prothom Alo

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইন সংশোধনে জাতীয় সংসদে আলাদা দুটি বিল আনা হয়েছে। আজ শনিবার সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল দুটি সংসদে উত্থাপন করেন।

Visit afsport.lat for more information.

বিরোধী দলের পক্ষ থেকে বিল দুটি উত্থাপনে আপত্তি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান যুক্ত করতে এ–সংক্রান্ত আইনে সংশোধনী আনা হচ্ছে। অন্যদিকে বিদ্যমান সাইবার সুরক্ষা আইন থেকে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ড সম্পর্কিত বিধান বাদ দেওয়া হচ্ছে। জুয়া প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন করা হচ্ছে।

আজ বৈঠকের শেষ পর্যায়ে দিনের সম্পূরক কার্যসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল সংসদে উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ আদালতে বিদ্যমান মামলার চাপের কারণে মাদক-সংক্রান্ত অপরাধের বিচারকাজে কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব হচ্ছে না। ফলে দ্রুত বিচারের অনুপস্থিতিতে সমাজে অপরাধপ্রবণতা আরও গভীর শিকড় গেড়ে বসছে। প্রস্তাবিত সংশোধনীতে এখতিয়ারসম্পন্ন সাধারণ আদালতে বিচারের বিদ্যমান বিধান অক্ষুণ্ণ রেখে একই সঙ্গে মাদক-সংক্রান্ত অপরাধপ্রবণ এলাকাগুলোতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান আবার সংযোজন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মাদকদ্রব্য সংশ্লিষ্ট প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধে বিশেষ করে সাইবার স্পেসে সংঘটিত মাদক অপরাধ দমনে নতুন বিধান সংযোজন করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুকূলে আগ্নেয়াস্ত্রের প্রাধিকার ও ডগ স্কোয়াড গঠনের বিধান সংযোজন করা হয়েছে।

অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল’ সংসদে তোলেন। এটিও পরীক্ষা করে ৩ বৈঠকের দিবসের মধ্যে প্রতিবেদন দিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিরোধী দলের আপত্তি

বিল দুটি সম্পর্কে সংসদ সদস্যদের আগে অবহিত না করায় এগুলো উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, আপত্তি থাকলে সেটা আগে জানাতে হয়। আর বিলের নোটিশ আগে দেওয়ার সময়সীমা মার্জনা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপনের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিলগুলো এখনই পাস করতে হবে, এমন ‘ইমার্জেন্সি’ নয়। তিনি প্রশ্ন রাখেন, বিল পাসের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করলে সমস্যা কোথায়? তিনি বলেন, আইনে কী পরিবর্তন আসছে, সে সম্পর্কিত তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলে ভালো হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথা হচ্ছে যখন আইন পাসের জন্য প্রস্তাব করা হবে তখন যেকোনো সদস্য বলতে পারেন যে তিন দিন আগে তিনি বিলের নোটিশ পাননি। এখন বিল উত্থাপন হচ্ছে, পাস হচ্ছে না। আইনে কী পরিবর্তন আসছে, সেটি তুলনামূলক বিশ্লেষণ করা আছে। সেটা দেওয়া হয়নি কারণ সেটা সংসদীয় কমিটিতে যাবে। সেখানে সংশোধনী আসতে পারে। তখন আবার তুলনামূলক বিশ্লেষণেও সংশোধনী আনতে হবে।

Read full story at source