মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ও বন্ধুসভার সহযোগিতায় শুক্রবার বিকেলে দেশের ৬৪টি জেলায় একযোগে মানববন্ধন করা হয়।

মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে।

Visit newsbetsport.bond for more information.

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় শুক্রবার বিকেল পাঁচটায় সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।​কর্মসূচিতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সিলেট

মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। এতে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, গল্পকার জামান মাহবুব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ মাদকের বিস্তার বলে মন্তব্য করেছেন বক্তারা।

সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় মানববন্ধনে কবি পুলিন রায় ও সুমন বণিক, সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ছড়াকার অজিত রায়, সাংবাদিক মিঠু দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণের’ সভাপতি সাজন আহমদ, শিল্পী ইকবাল সাঁই ও আশরাফুল ইসলাম, সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা

কুমিল্লা নগরের টাউন হল ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বন্ধুসভার উপদেষ্টা ও ইতিহাস–গবেষক আহসানুল কবীর, নারীনেত্রী রোকেয়া বেগম শেফালী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষক হাসান ভূঁইয়া, সাংবাদিক শামছুল আলম, মহিউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ প্রমুখ। এ সময় প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, সাংবাদিক শাহ আলম, আর কে রাসেল, আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুর

সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামালপুরে মানববন্ধন হয়েছে। জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, বই পড়া ও সুস্থ সংস্কৃতিচর্চায় আরও বেশি মনোযোগী করতে হবে। বন্ধুসভা সব সময় তরুণদের সঠিক পথ দেখাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদকের বিরুদ্ধে তাদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সেখানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন অশোকা ফেলো চিকিৎসক মাতিন আহমেদ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার, নদী ও প্রকৃতি সুরক্ষার সংগঠন তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য ও সংস্কৃতিকর্মী হৃদয় কামাল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, শিক্ষার্থী শারমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ বক্তব্য দেন।

চাঁদপুর 

চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, সুজনের চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল আমিন খান, রাসেল খন্দকার প্রমুখ।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা দূর করতে তাঁরা রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে নানা ধরনের কাজ করছেন। 

টাঙ্গাইল

টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। এতে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুজনের টাঙ্গাইল জেলার সহসভাপতি বাদল মাহমুদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার সদস্যসচিব মাসুদুর রহমান, উদীচীর টাঙ্গাইলের সহসভাপতি পিংকু মজুমদার, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, লোকসংগীতশিল্পী লিজু বাউলা, সামাজিক সংগঠন ‘সর্বদা নির্ভীকের’ প্রতিষ্ঠাতা সামিউল হাসান, সৈয়দা তাসমু প্রমুখ বক্তব্য দেন।

কিশোরগঞ্জ

‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’ স্লোগানে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাড়ের মুক্তমঞ্চ এলাকায় মানববন্ধন হয়েছে। এতে এলাকাবাসী, তরুণসমাজ, বন্ধুসভার সদস্যসহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ না গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে পড়বে। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। এ সময় বক্তারা মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।

মৌলভীবাজার

মৌলভীবাজারে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক রানু তালুকদার, কবি ও শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, পরিবেশ ও নাট্যকর্মী আ স ম সালেহ সুহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম খছরু চৌধুরী, বাপার জেলার সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, শিক্ষক অজয় ঘোষ, সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায় রাখাল, মৌলভীবাজার বন্ধুসভার উপদেষ্টা ও কবি মুজাহিদ আহমদ, কবি সুমন দাশগুপ্ত, মৌলভীবাজার বন্ধুসভার সভাপতি রাতুল আহমদ, সম্পাদক তালহা আমিন তাহসিন প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন।

এ ছাড়া সুনামগঞ্জ, নরসিংদী ও ভৈরবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধিরা]

Read full story at source