আইওএস ও অ্যান্ড্রয়েডে এল ওপেনক্লো, ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ
· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যক্তিগত সহকারী ওপেনক্লো এখন আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পোস্টে ওপেনক্লো লিখেছে, ‘অবশেষে নেটিভ মোবাইল অ্যাপ। আপনার পকেটেই থাকবে এআই এজেন্ট। চলার পথেই বিভিন্ন কাজ, চ্যানেল ব্যবস্থাপনা ও বার্তার জবাব দেওয়া যাবে।’ ওপেনক্লো মূলত একটি এআইনির্ভর ব্যক্তিগত সহকারী, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন ডিজিটাল কাজ সম্পন্ন করতে পারে। সফটওয়্যারটি তৈরি করেছেন পিটার স্টেইনবার্গার। তিনি পরে ওপেনএআইয়ে যোগ দেন।
Visit esporist.com for more information.
অ্যাপটি ব্যবহারকারীর ডিভাইসেই স্থানীয়ভাবে পরিচালিত হয় এবং ই–মেইল যাচাই, গুরুত্বপূর্ণ বার্তা শনাক্ত করা বা অগ্রাধিকারভিত্তিক ই–মেইল আলাদা করার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। চলতি বছরের শুরুতে ‘মল্টবুক’ নামে এআই এজেন্টদের জন্য একটি কথিত সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে আলোচনার পর সফটওয়্যারটি ব্যাপক পরিচিতি পায়। সে সময় এর নাম ছিল ‘মল্টবট’। পরে নাম পরিবর্তন করে ‘ক্লডবট’ রাখা হয়। সর্বশেষ এর নামকরণ করা হয়েছে ‘ওপেনক্লো’।
তবে ব্যবহারকারীর ব্যক্তিগত যন্ত্রে একটি এআই সহকারীকে বিস্তৃত প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি শুরু থেকেই নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েক মাস আগে ওপেনক্লোতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান মেলে, যা প্রযুক্তি অঙ্গনে উদ্বেগ তৈরি করে। এ কারণে স্মার্টফোনে ওপেনক্লো ব্যবহারের আগে এর নিরাপত্তাব্যবস্থা, তথ্য সুরক্ষা ও গোপনীয়তা নীতিমালা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা।
সূত্র: ম্যাশেবল