মুরগি–আলুসহ কোন পণ্যের দাম কত বাড়ল

· Prothom Alo

তিন-চার দিনের ব্যবধানে খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। পাশাপাশি খুচরা পর্যায়ে দাম বেড়েছে আলু, বেগুন, কাঁচা মরিচের। এ ছাড়া কয়েক ধরনের চালের দামও সামান্য বেড়েছে।

Visit saltysenoritaaz.org for more information.

বিক্রেতারা জানান, সরবরাহের সংকটের কারণে ব্রয়লার মুরগি, বেগুন, কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহের শুরুতেও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। তবে তিন-চার দিন আগে কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ধরনভেদে প্রতি কেজি সোনালি মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোনালি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা সোহেল আহমেদ জানান, মূলত খামার ও পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বিক্রিতেও। সোহেল আহমেদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঠিকমতো বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অনেকে খামারে নতুন করে ব্রয়লার মুরগি তোলা হয়নি। আবার অনেকে লোকসান এড়াতে মুরগি অল্প বড় হতেই বিক্রি করে দিয়েছেন। এ কারণে সৃষ্ট সরবরাহ–সংকট থেকে দাম বেড়েছে।

বেড়েছে আলুর দাম

বাজারে আলুর দাম বেড়েছে। এক মাস আগে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছিল। এখন তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, অর্থাৎ দাম বেড়েছে ২২ শতাংশ। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসে দেশি রসুনের দাম বেড়েছে ১৫ শতাংশ। বর্তমানে প্রতি কেজি দেশি রসুন ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৬০ থেকে ১৪০ টাকা।

টিসিবির তথ্য অনুসারে, এক মাসের ব্যবধানে খুচরা বাজারে নাজিরশাইল ও মিনিকেটের মতো সরু চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকা হয়েছে। এ ছাড়া পাইজাম, ব্রি-২৮-এর মতো মাঝারি চালের দাম কেজিতে ২-৩ টাকা ও মোটা চালের দাম কেজিতে ১-২ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুঁড়া বা পোলাওয়ের চালের দাম। গত এক মাসে কেজিতে ১৫ টাকা বেড়ে প্রতি কেজি খোলা পোলাওয়ের চাল ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দামে মিশ্র প্রবণতা

বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুনের দাম বেড়েছে। গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। আর বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে এর দাম কেজিতে ২০ টাকা করে কম ছিল।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, চলতি সপ্তাহে কয়েক দিন বৃষ্টির কারণে মরিচ, বেগুনের মতো সবজির সরবরাহ কম রয়েছে। ফলে দাম কিছুটা বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার আগের জায়গায় চলে যাবে।

Read full story at source