দিনভর আয়োজন শেষে সন্ধ্যায় পুরস্কার ঘোষণা, শাকিব-জয়া-শুভ-নিশো–বাঁধনদের মধ্যে কারা জিতবেন

· Prothom Alo

বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। এখন অপেক্ষা সন্ধ্যার। দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসে কারা উঠবেন বিজয়ীর মঞ্চে, তা জানার জন্য মুখিয়ে আছেন দর্শক ও তারকারা। শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, আফরান নিশো, আজমেরী হক বাঁধন, মেহজাবীন চৌধুরী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, প্রীতম হাসান, সাবিলা নূর, নুহাশ হুমায়ূনসহ জনপ্রিয় তারকা, পরিচালক ও কলাকুশলীরা বিভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়ায় এবারের আসর নিয়ে আগ্রহও তুঙ্গে।

Visit freshyourfeel.org for more information.

চরকি কার্নিভ্যালের মাস্টারক্লাসে তারিক আনাম খান

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় অভিনয়ের মাস্টারক্লাস দিয়ে শুরু হয় ‘চরকি কার্নিভ্যাল’-এর আয়োজন। প্রায় দুই ঘণ্টার এই সেশনে ৩৪ অংশগ্রহণকারীকে অভিনয় প্রশিক্ষণ দেন তারিক আনাম খান। পরে বিকেলে অনুষ্ঠিত হয় বাংলা সিনেমা ও ওটিটির বর্তমান বাস্তবতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা। ‘দ্য রাইজ, রিয়েলিটিজ অ্যান্ড রিনোভেশন অব বাংলা সিনেমা’ শীর্ষক আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। সঞ্চালনায় ছিলেন সাদিয়া খালিদ রীতি।

চরকি কার্নিভ্যালের মাস্টারক্লাসে তারিক আনাম খান

সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে রেড কার্পেট। এরপর সন্ধ্যা সাতটায় বসবে দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের আসর। ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাবস্ক্রাইবারস চয়েস এবং সমালোচক—এই দুই বিভাগে মোট ২৩টি করে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগে সেরা চলচ্চিত্রের লড়াইয়ে রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’, ‘তুফান’ ও ‘৩৬-২৪-৩৬’। সেরা সিরিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘সিনপাট’, ‘কালপুরুষ’, ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘২ষ’।
সমালোচক বিভাগের ২০২৪ সালের সেরা অভিনেতা ও অভিনেত্রীর মনোনয়ন তালিকাও বেশ জমজমাট। এ তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, তারিক আনাম খান, ইয়াশ রোহান, জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, মোহাম্মদ রিফাত বিন মানিক, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ, সুমাইয়া শিমু, তানজিকা আমিন ও জিন্নাত আরা।

চরকি কার্নিভ্যালের মাস্টারক্লাসে তারিক আনাম খান

অন্যদিকে ২০২৩ সালের সমালোচক বিভাগে চলচ্চিত্র শাখায় মনোনয়ন পেয়েছেন আফরান নিশো, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, আফসান আরা বিন্দু, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান ও তমা মির্জা। সিরিজ বিভাগে রয়েছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, সৌম্য জ্যোতি, ইয়াশ রোহান, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, সাবিলা নূর ও সামিরা খান মাহি।

এবারের অ্যাওয়ার্ডসের বিশেষ আকর্ষণ হিসেবে প্রয়াত অভিনেত্রী, লেখক ও নির্মাতা কারিনা কায়সারকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। পুরস্কার বিতরণ শুরুর আগে তাঁর প্রতি এই শ্রদ্ধা জানানো হবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রের জন্য সাবস্ক্রাইবারস ও ক্রিটিকস চয়েস—দুই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার।

চরকি কার্নিভ্যালের মাস্টারক্লাসে তারিক আনাম খান

‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ আয়োজনে এবার সামাজিক সচেতনতার বার্তাও যুক্ত করা হয়েছে। তরুণদের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীল জীবনযাপন নিয়ে ইতিবাচক আলোচনা তৈরির লক্ষ্য রয়েছে আয়োজকদের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাকিন আবসার ও রাফসান সাবাব। উদ্বোধনী পরিবেশনা হিসেবে থাকবে ‘নবরস’ শিরোনামের নৃত্যনাট্য। এ ছাড়া বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

দিনভর মাস্টারক্লাস ও প্যানেল আলোচনার পর এখন সবার চোখ পুরস্কার মঞ্চে। শাকিব, জয়া, শুভ, নিশো, বাঁধন, মেহজাবীন, চঞ্চল কিংবা মোশাররফ-শেষ পর্যন্ত কারা জিতে নেবেন চরকির সেরা সম্মান, তার উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।

Read full story at source