আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম
· Prothom Alo

সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে আর বর্জ্য ফেলা না হয়, সে জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।
Visit tr-sport.click for more information.
আজ রোববার আমিনবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন।
রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিনবাজারে এমন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ডিসি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশদূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। জনস্বাস্থ্যের জন্যও এটি ঝুঁকি তৈরি করছে।
পরিদর্শন শেষে ফরিদা খানম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে আর বর্জ্য ফেলা না হয়, সে জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী কোনো উপযুক্ত খাসজমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। এতে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।
বর্জ্য অপসারণের পর মহাসড়কের দুই পাশে গাছ লাগানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্জ্য অপসারণের পর মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হবে।