ঢাকায় কি আজও সারা দিন বৃষ্টি হবে

· Prothom Alo

বৃষ্টি কমবে কবে—রাজধানীবাসী যাঁদের মধ্যে এমন প্রশ্ন, তাঁদের জন্য আবহাওয়া অধিদপ্তরের বার্তা, আজ সোমবার অন্তত কমছে না। আজকের সকাল দেখে আপনি সারা দিনের অবস্থা সম্পর্কে ধারণা করতে পারেন। সকাল থেকেই আকাশজুড়ে ছিল মেঘ। সাড়ে সাতটার দিকেই ঝুম বৃষ্টি শুরু হয়। রাজধানীতে আজ একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টি হতে পারে সারা দিন। আকাশের মেঘ কাটার সম্ভাবনাও কম।

Visit arroznegro.club for more information.

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানী ও আশপাশে সারা দিন বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এমন নয় যে একটানা হবে। রাজধানীতে আসলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অতি ভারী বৃষ্টি বলতে যা বোঝায়, তার সম্ভাবনা কম।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এর মধ্যে ঢাকা বিভাগও আছে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ঢাকা বিভাগে। এর পরিমাণ ১৭৫ মিলিমিটার। তবে রাতের দিকে রাজধানীর বৃষ্টি কমে এসেছিল। গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, বৃষ্টি বেশি হয়েছে সকাল সাতটার পর থেকে। বৃষ্টি দিনের পুরোটা সময়ই থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে সারা দিনই।

যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলেই তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

রাজধানীসহ সারা দেশে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দেশের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দক্ষিণ–পূর্বের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি কমে আসার সম্ভাবনা আছে।

Read full story at source