চা খেতে হাজির ‘স্পাইডার–ম্যান’, চিনতেই পারলেন না রেস্তোরাঁর মালিক
· Prothom Alo

মুম্বাইয়ের কোলাবায় ১০৮ বছরের পুরোনো অলিম্পিয়া কফি হাউসে প্রতিদিনই নানা ধরনের মানুষ আসেন। কেউ চা খান, কেউ বান মাস্কা, কেউ আবার আড্ডা দেন। কিন্তু গত সপ্তাহের এক সন্ধ্যায় সেখানে ঢুকেছিলেন তিনজন অতিথি, যাঁদের দেখে ক্যাফের কর্মীদের কারও বিশেষ কোনো প্রতিক্রিয়া ছিল না।
Visit chickenroad.qpon for more information.
কয়েক ঘণ্টা পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল সেই মুহূর্তের ছবি। তখনই ক্যাফের ব্যবস্থাপক ইনায়াত মারেদিয়া বুঝতে পারলেন, যাঁদের তিনি চা পরিবেশন করেছেন, তাঁদের একজন হলেন ‘স্পাইডার–ম্যান’ অভিনেতা টম হল্যান্ড, আর অন্য দুজন হলেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ও হলিউড তারকা ম্যাট ডেমন।
মুম্বাইয়ের টম হল্যান্ড, ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমন। এএফপিগুগলেই মিলল পরিচয়
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনায়াত মারেদিয়া জানান, অতিথিদের পরিচয় সম্পর্কে তাঁদের কোনো ধারণাই ছিল না।
ইনায়াত মারেদিয়া বলেন, অতিথিদের টিমের কয়েকজন সদস্য বেলা আড়াইটার দিকেই ক্যাফের বাইরে এসে অপেক্ষা করছিলেন। তখনো তাঁরা বুঝতে পারেননি, এতক্ষণ যাঁদের জন্য অপেক্ষা করা হচ্ছে, তাঁরা বিশ্বখ্যাত তারকা।
পরে গুগলে খুঁজেই সত্যিটা জানতে পারেন।
মারেদিয়ার ভাষায়, ‘ওই তিনজনের দলের সদস্যরা বিকেল থেকেই বাইরে অপেক্ষা করছিলেন। আমরা তো জানতামই না, তাঁরা এত বড় মানুষ। পরে গুগলে খুঁজে জানতে পারলাম, টমই সেই “স্পাইডার–ম্যান” অভিনেতা।’
‘দ্য অডিসি’ সিনেমায় ম্যাট ডেমন। আইএমডিবিচা, বান মাস্কা আর ১৫ মিনিট
সেদিন সন্ধ্যা ছয়টার দিকে নোলান, টম হল্যান্ড ও ম্যাট ডেমন অলিম্পিয়া কফি হাউসে পৌঁছান।
ব্যবস্থাপক জানান, তাঁরা খুবই সাধারণভাবে বসে চা, বান মাস্কা ও হালকা কিছু নাশতা খান। পুরো সময়টাই ছিল একেবারে নিরুত্তাপ। তাঁরা খুব বেশিক্ষণ ছিলেনও না।
মারেদিয়া বলেন, তাঁরা চা আর বান মাস্কা খেলেন। খুব হালকা নাশতাই করেছিলেন। কিন্তু বাইরে দ্রুত ভিড় জমে যেতে শুরু করে। তাঁদের নিরাপত্তারক্ষী আর পুলিশও ছিল। সব মিলিয়ে ১০ থেকে ১৫ মিনিটের বেশি তাঁরা ক্যাফেতে ছিলেন না।
মুহূর্তেই ভাইরাল
তারকাদের সেই ছোট্ট বিরতির ছবি পরে প্রকাশ করে ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া। ক্যাপশনে লেখা ছিল, ‘“দ্য অডিসি”র মুম্বাই প্রিমিয়ারের আগে এক কাপ চা। বড় রাতের আগে আগে চা তো চাই-ই!’
প্রকাশিত ছবিতে দেখা যায়, নোলান, হল্যান্ড ও ডেমন টেবিলে বসে চা, বান মাস্কা ও কয়েকটি মিষ্টান্ন উপভোগ করছেন। আশপাশে থাকা অনেকেই তাঁদের ছবি তুলতে ব্যস্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
‘দ্য অডিসি’র আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবেই মুম্বাই সফরে এসেছেন ক্রিস্টোফার নোলান।
প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে নোলান জানান, বহু বছর ধরেই তিনি আবার মুম্বাইয়ে আসতে চেয়েছিলেন।
‘টেনেট’ মুক্তির সময়ও তাঁর এখানে আসার পরিকল্পনা ছিল। কিন্তু কোভিড–১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। নোলান বলেন, বিশ্বের খুব কম জায়গাতেই তিনি সিনেমার প্রতি দর্শকের এত গভীর ভালোবাসা দেখেছেন।
তাঁর ভাষায়, ‘পৃথিবীর আর কোথাও আমি সিনেমাকে ঘিরে এমন উচ্ছ্বাস দেখিনি। দর্শক সিনেমার কাছ থেকে কী চান এবং সিনেমা তাঁদের কাছে কী হতে পারে—মুম্বাই আমাকে সেটাই আবার মনে করিয়ে দিয়েছে।’
আইম্যাক্সে নতুন ইতিহাস
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য অডিসি’ শুধু গল্পের জন্য নয়, প্রযুক্তিগত কারণেও আলোচনায়।
এটি হবে ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।
ছবিতে টম হল্যান্ড ও ম্যাট ডেমন ছাড়াও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিতা নিয়ঙ্গ, শার্লিজ থেরন, জন বার্নথাল, বেনি সাফদি, হিমেশ প্যাটেল, এলিয়ট পেজ, সামান্থা মর্টন, মিয়া গথসহ আরও অনেক তারকা।
নোলানের আগের ছবি ‘ওপেনহাইমার’ বিশ্বজুড়ে প্রায় ৯৫৯ মিলিয়ন ডলার আয় করে সাতটি অস্কার জিতেছিল।
সে কারণেই ‘দ্য অডিসি’ ঘিরেও প্রত্যাশা আকাশছোঁয়া।
ইন্ডিয়া টুডে অবলম্বনে