বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে বেরিয়ে কৃষক নিখোঁজ, পরে পুকুরে মিলল লাশ

· Prothom Alo

নেত্রকোনার পূর্বধলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রোববার রাতে বাড়ি থেকে বের হন আবদুল হামিদ (৭৩)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সোমবার ভোরে বাড়ির কাছের একটি পুকুরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখা যায়। সকালে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।

Visit michezonews.co.za for more information.

আবদুল হামিদ পূর্বধলা উপজেলার বহুলী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে কিছু কেনাকাটার জন্য বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বহুলী বাজারের উদ্দেশে বের হন আবদুল হামিদ। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরবেন। খেলা শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন। ভোরের দিকে স্থানীয় আতিক মিয়া নামের এক ব্যক্তি বহুলী বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি পুকুরের পানিতে বড় কিছু ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুকুরপাড়ে গিয়ে দেখেন—লাশ ভাসছে। খবর পেয়ে আবদুল হামিদের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার লাশ শনাক্ত করেন। আজ সোমবার সকালে প্রতিবেশীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বলে জানান পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আবদুল হামিদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় তিনি পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Read full story at source