বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে গোলাম পরওয়ার বললেন, মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে
· Prothom Alo

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোস্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।
Visit newsbetting.club for more information.
গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। বিবৃতিটি গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
গত শুক্রবার সন্ধ্যার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে ছাতার ভেতরে রাখা একটি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি) দেখা যায়। পরে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার সময় এক পথচারী আহত হন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল তাঁর বিবৃতিতে বলেন, এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।
দেশের শান্তিশৃঙ্খলা–স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত–অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় সজাগ ও তৎপর থাকতে হবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। মেট্রোস্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছেন তিনি।
একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণের সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আহত পথচারীর সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ–জাতীয় নাশকতা চালানোর সাহস না পায়।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ জনগণের জীবন–সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন।
মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার