রোগী নিয়ে এসেছিলেন ঢাকায়, লাশ হয়ে ফিরছেন বাড়ি

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

Visit freshyourfeel.org for more information.

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শনির আখড়া পদচারী–সেতুর নিচের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোলেমান দেওয়ান (৪৩)। তিনি পেশায় স্টিলের আলমারি মিস্ত্রি ছিলেন।

নিহত সোলেমান দেওয়ানের শ্যালক লিটন ব্যাপারী বলেন, পরিচিত এক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসেন সোলেমান। রোগীকে হাসপাতালে ভর্তি করে তিনি মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন। শনির আখড়া এলাকায় পৌঁছে তিনি খবর পান, ভর্তি করা রোগী হাসপাতালে মারা গেছেন। এরপর তিনি আবার হাসপাতালে ফিরছিলেন। শনির আখড়া পদচারী–সেতুর নিচের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন সোলেমানকে উদ্ধার করে দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সোলেমানের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। বাবার নাম আবদুল মজিদ দেওয়ান। সোলেমানের দুই মেয়ে ও এক ছেলে আছে।

Read full story at source