ছেলের হাত-পা বাঁধা মরদেহের পাশে পড়ে ছিল মায়ের ওড়না প্যাঁচানো লাশ
· Prothom Alo

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাড়ির শোবার ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
Visit esporist.com for more information.
এই দুজন হলেন জাকিরের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) ও তাঁদের ছয় বছর বয়সী ছেলে জিসান। ঘরের খাটের ওপর গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় জিসানের এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জুবায়দার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাকির হোসেনকে থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় পশুচিকিৎসক আক্তার হোসেন বলেন, জাকিরের স্ত্রী-সন্তানের লাশ খাটের ওপর পড়ে আছে খবর পেয়ে গতকাল রাত ৯টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এ সময় খাটের ওপর জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং পাশে মা জুবায়দাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। জুবায়দার স্বামী জাকির তখন বহরামপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। রাত ১০টার দিকে বাঘারপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম প্রথম আলোকে বলেন, ‘মা ও ছেলের গলায় দাগের আলামত আছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁদের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।’