দুদকে প্রথম দিনেই কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে নতুন কমিশন

· Prothom Alo

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ বুধবার প্রথমবারের মতো কার্যালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

Visit saltysenoritaaz.org for more information.

সকাল নয়টার দিকে তাঁরা দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সকাল ১০টায় পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার। সভায় দুদক সচিব সাইদুর রহমান এবং মহাপরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ও তিন কমিশনার পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়।

সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়।

Read full story at source