ভবিষ্যতে সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

· Prothom Alo

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে—বিরোধী দলের এমন অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি।’

Visit esporist.org for more information.

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জাতীয় সংসদের সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে।’

৭০ অনুচ্ছেদের কারণে গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে—বিরোধী দলের এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘আমরা সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করেছি, সেই কমিটিতে বিরোধীদলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে।’

জুলাই সনদের সেই সমঝোতা সম্পর্কে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে চারটি বিষয় উল্লেখিত আছে। তার মধ্যে দুটি বিষয়ে সব দল মোটামুটি একমত—অর্থবিল ও আস্থা ভোট। সবাই মনে করেন, ৭০ অনুচ্ছেদে এই দুটি বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য দুটি বিষয় সংবিধান সংশোধনসংক্রান্ত বিল ও যুদ্ধপরিস্থিতিতে দলের বাইরে ভোট দিতে পারবে কি না—এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে যে এ দুই বিষয়ে সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। আরেকটি বড় বিরোধী দল তখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান বিধান মতে বিদ্যমান সংবিধানে যা আছে, সে মতেই এই ভোটটা হবে। এখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন মার্কা নিয়ে, তাঁরা সেই দলের সিদ্ধান্ত অনুসারে ভোট দেবেন।’

Read full story at source