সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার, চালকসহ আটক ৩

· Prothom Alo

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অ্যাম্বলেন্সের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন সদর উপজেলার নতুন বসতি এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান ওরফে রুবেল (৪০) এবং অ্যাম্বুলেন্সের চালক রেজাউল করিম খান ওরফে মিলন (৪১)। তাঁর বাড়ি হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকায়।

Visit esporist.org for more information.

জেলা ডিবির কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে দুপুরের পর থেকে জেলা ডিবির একটি দল শহরের বেউথা মোড় এলাকায় অবস্থান নেন। বিকেল চারটার দিকে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বসা ফরিদ ও আতিকুরের কাছ থেকে ১ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্স রয়েছে। গ্রেপ্তার রেজাউল অ্যাম্বুলেন্সের চালক হিসেবে ২০২৩ সালের ২৩ মে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ফরিদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। আতিকুর তাঁর সহযোগী। তাঁরা দুজন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।

এ ব্যাপারে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে তিনি ডিবির পরিদর্শককে জানিয়েছেন। অ্যাম্বুলেন্সের চালকের পদ থেকেও তাঁকে বরখাস্ত করা হবে।

রাত ১০টার দিকে ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, মাদক বহনে ব্যবহৃত সরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Read full story at source