বিয়ের জন্য পাত্রী দেখে ফিরছিলেন যুবক, সড়কে মিলল রক্তাক্ত দেহ
· Prothom Alo

বিয়ের জন্য পাত্রী দেখে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন যুবক। তবে বাড়ি ফেরা হয়নি তাঁর। সড়কের ওপর থেকে উদ্ধার করা হয় তাঁর রক্তাক্ত দেহ। পরে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে।
Visit turconews.click for more information.
নিহত এই যুবকের নাম অপু দাশ (২৯)। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে সড়কের ওপর থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিজের মোটরসাইকেলসহ সড়কের ওপর পড়ে ছিলেন অপু দাশ। তাঁর মাথা থেঁতলানো ছিল, রক্তক্ষরণ হচ্ছিল শরীরের একাধিক স্থান থেকে। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অপু দাশ আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে।
অপু দাশের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে। ওই এলাকার মৃত বাদল দাশের একমাত্র ছেলে ছিলেন তিনি। রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার দ্য বিসিসিইউএল জেনারেল হাসপাতালে বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন অপু দাশ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাউজানের বাগোয়ান ইউনিয়নের গঙ্গা মন্দিরে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন অপু দাশ। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে বিয়ের বিষয়ে দুই পক্ষের প্রাথমিক কথাবার্তা হয়। পরে রাত আটটার দিকে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন অপু। কিছু সময় পর সড়কের ওপর আহত অবস্থায় তাঁর পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। এরপর অপুকে উদ্ধার করে তাঁর কর্মস্থল দ্য বিসিসিইউএল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে অপুর মৃত্যু হয়েছে।
দ্য বিসিসিইউএল জেনারেল হাসপাতালের পরিচালক মৃণাল কান্তি বড়ুয়া বলেন, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে গেছে।’ মৃণাল কান্তি বড়ুয়া আরও বলেন, ‘পাত্রী দেখা, অপুর বিয়ের প্রাথমিক কথাবার্তাও হয়েছিল। তবে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত অপুর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অপুর মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো গাড়ি পাওয়া যায়নি।