সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার
· Prothom Alo

লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. রুবেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত শিশুর বাবা সাহেদ হোসেন বাদী হয়ে রুবেলকে আসামি করে মামলা করেছেন।
Visit extonnews.click for more information.
নিহত রিয়াদ সদর উপজেলার সাহেদ হোসেনের ছেলে। রুবেল একই এলাকার মো. মিলনের ছেলে।
আজ রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্য, ঘটনার সময় রুবেল সুপারি পাড়ার জন্য রিয়াদকে গাছে উঠতে বলেন। এতে রিয়াদ রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ছুরিকাঘাতে রিয়াদের বুক, পেট ও বাঁ হাঁটুর নিচে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রিয়াদের বাবা সাহেদ হোসেন বলেন, সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তাঁর ছেলের; কিন্তু স্বজনদের ফিরতে হয়েছে ছেলের নিথর দেহ নিয়ে।
স্থানীয় লোকজন জানান, ১২ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মাদকাসক্ত। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।