যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে।

Visit newssport.cv for more information.

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়া বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, ইমরানের মাথায় গুলি লেগেছিল। আর জাকারিয়ার গুলি লেগেছে পায়ে।

আহত জাকারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছয় থেকে সাতজন হেলমেট পরা ব্যক্তি সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করছিলেন তাঁরা। হঠাৎ একটি গুলি এসে তাঁর পায়ে লাগে।  ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read full story at source