টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের
· Prothom Alo

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজটি স্থগিত হয়ে গেছে। এখন প্রায় এক মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই রয়েছে বাংলাদেশ।
Visit freshyourfeel.com for more information.
এ মাসের শেষের দিকে এশিয়ান গেমস দিয়ে আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। গেমসের খেলা শেষ করেই ক্রিকেটাররা যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
আজ এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাদের বিপক্ষে সিরিজটি শুরু হবে ৯ অক্টোবর টেস্ট ম্যাচ দিয়ে। তবে সংযুক্ত আরব আমিরাতের ঠিক কোন ভেন্যুতে টেস্ট ম্যাচটি আয়োজিত হবে, তা এখনো জানানো হয়নি।
ম্যাচটি পাঁচ দিনে গড়ালে ১৩ অক্টোবর টেস্টটি শেষ হবে। ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সেদিন জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে।
সব দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এই সিরিজের নির্দিষ্ট ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।
ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফিরেই অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বরে তিনটি ওয়ানডে, সমানসংখ্যক টি–টুয়েন্টি আর দুটি টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। এই সিরিজ দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ হবে বাংলাদেশের।
পাকিস্তান ক্রিকেটের আসল ‘খলনায়ক’ কে, মুখ খুললেন পদত্যাগ করা সাবেক কোচ