বাঁধন বললেন, ‘বড় নেতারা আরামে ঘুরছেন, আপনার পরিবারই ভুগবে’
· Prothom Alo

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাঁধন। এক প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘আমার কাছে মনে হয়, যারা আক্রমণটা চালাচ্ছে, তারা নিজেদের একটা সমস্যার মধ্যে ফেলছে। আক্রমণকারীরা মনে করছে তারা পার পেয়ে যাবে, কিন্তু আজকে তারা আমার গায়ে হাত তুলেছে। এমন নয় যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে, পানি মেরেছে। তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। আমার কাছে মনে হয়, তারা তাদের স্থানটাকে আসলে অনিরাপদ করছে।’
Visit h-doctor.club for more information.
ভেনিসে হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন বাঁধন। তিনি বলেন, ‘প্রবাসী ভাইয়েরা আমার সঙ্গে বর্বরতা করেছে এবং আমাকে খুবই জঘন্যভাবে আক্রমণ করেছে। এটার কারণে আমাদের দেশের নাম আসলে বিদেশের মাটিতে কিন্তু ক্ষুণ্নই হলো। বিদেশিরা ভাববে, আমরা হয়তো জাতিগতভাবে সারাক্ষণ মারামারি করি। যে যেখানে যাচ্ছে, সেখানেই আক্রমণের শিকার হচ্ছে। সেটা তো আসলে একেবারেই গ্রহণযোগ্য নয়।’
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বাঁধন বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, যাঁরা এই দলের সাপোর্টার, তাঁদের জন্য আমার একটাই কথা, আপনারা দলকে ভালোবাসতে পারেন, সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনারা দলকানা হইয়েন না। আজকে আপনার বিচার হলে আপনার পরিবার সাফার করবে। বড় বড় নেতা যাঁরা আছেন, আরামে দেশে–বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যাঁরা বিদেশের মাটিতে বসে অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে আপনাদের উসকে দিচ্ছেন, তাঁদের জীবনটা কিন্তু আপনাদের মতো নয়। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকাগুলো বাংলাদেশে পাঠান। আপনারা প্লিজ এটা কইরেন না। এটা আমার রিকোয়েস্ট। আপনারা যেটা করেছেন, সেটা খুবই অন্যায় হয়েছে।’
কেস ফাইল না করে ভেনিস ছাড়ছি না: বাঁধনভেনিসে বাঁধনআরেক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, ‘নেতাদের প্রতি একটাই অনুরোধ করব, আপনারা একটি বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করছেন। আপনারা এমন রূপরেখা তৈরি কইরেন না, যেটার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর অভিযোগ, সবাই তাতে সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দিয়েছে।
গত সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হন বাঁধন।