আর্জি

· Prothom Alo

বিশাল সাগরের ওই ঢেউ—
বিকট গর্জনে ভাঙুক দুই কূল,
ভাসাক জনপদ, ভাসিয়ে নিয়ে যাক।
সেই কবে থেকে আকুল হয়ে আছি বসে,
আমায় তলিয়ে নিক তৃণলতার মতো।
মস্ত আকাশের বিশালতা বুকে নিয়ে যাই ভেসে,
কোনো এক মহাসিন্ধুর তটে।
আমি দূর্বাঘাসের মতো,
সমস্ত ভার ছেড়ে দিয়ে
জলে দিই গা এলিয়ে।
যেখানে খুশি নিয়ে যাক,
কচুরিপানার মতো।
ভাসিয়ে নিয়ে ফেলুক নাম না–জানা কোনো নদীতে,
নাহয় কোনো সরু খালে;
আমায় ভাসিয়ে নিয়ে যাক।
আছড়ে পড়া ফেনার মতো—
মিলে যাই ঢেউয়ের তলে অথবা নোনাজলে।
ধুয়ে ফেলুক, আমায় বিলীন করুক অথবা শুদ্ধ করে নিক,
রিক্ত আমায়, নিঃস্ব আমায় পূর্ণ করুক
অপার মার্জনায়।

Visit betsport.cv for more information.

Read full story at source