বিশ্বজুড়ে আইফোন ১৮ প্রোর বিক্রি শুরু, অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ সারি

· Prothom Alo

বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ফোন দুটির বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন হাতে পেতে বিক্রির প্রথম দিনেই কুয়ালালামপুর, সিডনি ও সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের সামনে ভিড় করেন ক্রেতারা। কেউ কেউ ভোররাত থেকেই দোকানের সামনে অপেক্ষা করেছেন।

নতুন দুই মডেলে ব্যাটারি, কর্মক্ষমতা ও ক্যামেরায় বড় ধরনের উন্নতি এনেছে অ্যাপল। এর মধ্যে ক্যামেরায় যুক্ত হয়েছে ভেরিয়েবল অ্যাপারচার সুবিধা। এ ছাড়া উন্নত সিরি এআইসহ অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে নতুন আইফোনে।

Visit newsbetsport.bond for more information.

আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ পাউন্ড থেকে শুরু হয়েছে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৯৯ পাউন্ড থেকে শুরু হয়েছে। উচ্চ দাম সত্ত্বেও বিক্রির প্রথম দিনেই নতুন আইফোন ঘিরে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ টিআরএক্স অ্যাপল স্টোরে বিক্রির কয়েক ঘণ্টা আগেই সারি তৈরি হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রি–অর্ডার করা ফোন সংগ্রহের জন্য প্রথম ক্রেতা ভোর সাড়ে চারটার দিকে সেখানে পৌঁছান। দোকানটি খোলার সময় প্রি–অর্ডার করা ক্রেতা ও সরাসরি ফোন কিনতে আসা ক্রেতাদের জন্য আলাদা সারি ছিল। সিঙ্গাপুরের অর্চার্ড রোডের অ্যাপল স্টোরের সামনেও ছিল দীর্ঘ সারি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দোকান খোলার আগে সেখানে প্রায় ২০০ মানুষ অপেক্ষা করছিলেন। বিক্রি শুরুর কিছু সময়ের মধ্যেই ওই স্টোরে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের মজুত শেষ হয়ে যায়।

অস্ট্রেলিয়ার সিডনিতেও নতুন আইফোন কিনতে ভোর থেকেই অ্যাপল স্টোরের সামনে জড়ো হন ক্রেতারা। কেউ কেউ প্রথম ক্রেতা হওয়ার জন্য রাত থেকেই সেখানে অবস্থান করেন। চীনের হাংঝৌতে অবশ্য আইফোন বিক্রির দিন দেখা গেছে ভিন্ন ধরনের তৎপরতা। সেখানে কিছু পুনর্বিক্রেতা বা ‘স্ক্যালপার’ অ্যাপল স্টোরের বাইরে অপেক্ষা করছিলেন। নতুন আইফোন কেনা ক্রেতাদের কাছ থেকে ফোন কিনে পরে বেশি দামে বিক্রি করাই ছিল তাদের লক্ষ্য।

বাহ্যিক নকশায় আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স আগের প্রজন্মের আইফোন ১৭ প্রো সিরিজের কাছাকাছি হলেও ভেতরের প্রযুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দুই মডেলেই রয়েছে অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ। উন্নত তাপ নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি ব্যাটারির কর্মক্ষমতাও বাড়ানো হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় ভেরিয়েবল অ্যাপারচার যুক্ত করা। এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের আলো অনুযায়ী ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে ছবি তোলার সময় আলোর নিয়ন্ত্রণ ও ছবির গভীরতা নির্ধারণে ব্যবহারকারী আরও বেশি সুবিধা পাবেন। অ্যাপলের বিশ্বব্যাপী বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইয়াক বলেন, আইফোন ১৮ প্রোতে ক্যামেরা, কর্মক্ষমতা, ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আনা হয়েছে। তার মতে, এসব পরিবর্তন শুধু সামান্য উন্নয়ন নয়। আইফোনের প্রো সিরিজে বড় ধরনের অগ্রগতি হয়েছে। নতুন আইফোন ১৮ প্রো চারটি রঙে পাওয়া যাচ্ছে। কালো, রুপালি, গ্লেসিয়ার ও বারগান্ডি। এর মধ্যে গ্লেসিয়ার নতুন রং।

আইফোন ১৮ প্রো সিরিজে অ্যাপল ইন্টেলিজেন্সের অংশ হিসেবে উন্নত সিরি যুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণের সিরি ব্যবহারকারীর বিভিন্ন অনুরোধ বুঝে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন আইফোন দুটির দাম আগের তুলনায়ও বেশ চড়া। প্রারম্ভিক দাম বিবেচনায় আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স অ্যাপলের সবচেয়ে দামি নন–ফোল্ডিং আইফোনগুলোর মধ্যে রয়েছে।

আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’ নিয়েও প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ রয়েছে। বইয়ের মতো ভাঁজ করা যায়, এমন নকশার এই ফোনে রয়েছে ৭ দশমিক ৬ ইঞ্চির ভেতরের ডিসপ্লে। ফোনটি ভাঁজ করলে বাইরের দিকে ব্যবহার করা যাবে ৫ দশমিক ৪ ইঞ্চির আরেকটি ডিসপ্লে।

আইফোন ডুও দুটি রঙে পাওয়া যাবে—নাইট স্কাই ও স্টার হোয়াইট। টাইটেনিয়াম দিয়ে তৈরি ফোনটিতে রয়েছে বিশেষ ধরনের হিঞ্জ বা কবজা। অ্যাপলের দাবি, এই কবজা ফোনটির স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি ভাঁজ করার ফলে পর্দায় তৈরি হওয়া দাগ কমাতে সহায়তা করবে। তবে আইফোন ডুওতে ফেস আইডির পরিবর্তে টাচ আইডি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মুখ শনাক্ত করার বদলে আঙুলের ছাপের মাধ্যমে ফোন আনলক করতে হবে। আইফোন ডুও উন্মোচনের সময় অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস বলেন, প্রথম আইফোন উন্মোচনের পর থেকে আইফোনে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। আইফোন ডুওর দাম ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ১৯৯ পাউন্ড পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে দাম শুরু হবে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। আগামী ২৩ অক্টোবর ফোনটির বিক্রি শুরু হবে।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source