পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

· Prothom Alo

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এবার আরও এক ধাপ নিচে নামল বাংলাদেশ।

Visit mchezo.life for more information.

২০১০ ও ২০১৪ আসরে ফাইনালে উঠে রুপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালে হাংজুতে সর্বশেষ আসরে ফাইনালের দেখা মেলেনি। সেবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জেতে ব্রোঞ্জ। কিন্তু এবার কোনো পদকই জিততে পারল নিগার সুলতানার দল।

জাপানে কোরোগি স্পোর্টস পার্কে আজ এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরলেন নিগার–মারুফারা। ব্রোঞ্জ জিতে তৃতীয় হলো পাকিস্তান।

টি–টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে বাংলাদেশ চারবার জিতলেও এবার এশিয়ান গেমসে পদকের লড়াইয়ে পারল না। সেমিফাইনালে ভারতের কাছে এর আগে ১১৪ রানে হেরে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে আজই শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

টি–টুয়েন্টি সংস্করণে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এটাই হতে পারে নিগার সুলতানার শেষ ম্যাচ। এই টুর্নামেন্ট শেষে টি–টুয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছেন নিগার।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলেও ৭ উইকেটে ১১৪ রানে থেমেছে নিগারদের ইনিংস। ওভারপ্রতি ৭ রানের একটু বেশি করে তুলতে যেমন ব্যাটিং করার দরকার ছিল, সেটা পারেনি বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে মাত্র ৪৩ রান তুলেই ম্যাচে পিছিয়ে পড়েন নিগাররা। শেষ ৬০ বলে ১০৩ রানের সমীকরণ মেলানো আরও কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। শেষ ১০ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে ৭১ রান তুলতে পারেন নিগাররা।

এক কিডনি নিয়েই ৬ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের ক্রিকেটারের, জানলেন ২১ বছর পর

ইনিংসের প্রথম পাঁচ ওভারে ২০ রানে প্রথম তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার (১২) ও জুয়াইরিয়া ফেরদৌস (৪) টিকতে পারেননি। ২ রানে আউট হন তিনে নামা সোবহানা মোশতারি। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ২৫ রান তোলে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে শারমিন ও নিগারের ৫৬ বলে ৪৭ রানের জুটিতে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। নিগারের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ২৫।

ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ

নিগার আউট হওয়ার পর ৩৯ বলে ৭৯ রান দরকার ছিল বাংলাদেশের। শারমিন ও নিগার জুটি বাঁধার সময় বাংলাদেশের দরকার ছিল ৯৫ বলে ১২৬। গোটা ইনিংসে ৪৩ বল ‘ডট’ দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। পাকিস্তানের হয়ে ১০ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার উম্মে হানি।

এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন, পা ছিলে গেছে নাজমুলের

পাকিস্তানের ইনিংসেও ফিফটি নেই। সর্বোচ্চ ৩০ বলে ৪৫ সাতে নামা অধিনায়ক ফাতিমা সানার। ৩১ রান এসেছে ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে। ১১.৪ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ফাতিমা ও আলিয়া রিয়াজের ৪৩ বলে ৬৭ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পেয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনির।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৪৫/৮ (ফাতিমা ৪৫, ফিরোজা ৩১, আলিয়া ২৫,আয়েশা ৯; স্বর্ণা ২/১৬, নাহিদা ২/২১, রিতু ২/২৭, সানজিদা ১/২৮)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৭ (শারমিন ৪৬*, নিগার ২৫, দিলারা ১২, নাহিদা ১০*, স্বর্ণা ৬; হানি ৩/১০, আয়েশা ১/১০, নাশরা ১/১৯)।

ফল: পাকিস্তান ৩১ রানে জয়ী।

Read full story at source