২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী বছরের শেষ নাগাদ, না হলে সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এআই গবেষক ফ্রাঁসোয়া শোলের একটি পুরোনো পূর্বাভাসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই মন্তব্য করেন ইলন মাস্ক।

২০২১ সালে শোলে এক্সে ভবিষ্যতে এআই ও কম্পিউটার প্রযুক্তির প্রভাব নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এমনকি প্রত্নতত্ত্বের মতো বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখাই কম্পিউটারবিজ্ঞানের একটি শাখার মতো হয়ে উঠবে। তাঁর মতে, ২০০০ সালে কেউ যদি বলতেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানই একসময় প্রযুক্তিপ্রতিষ্ঠান হয়ে যাবে’, তাহলে অনেকেই হয়তো তা নিয়ে হাসাহাসি করতেন। কিন্তু দুই দশক পর দেখা গেছে, ওয়ালমার্ট ও ফেডেক্সের মতো প্রতিষ্ঠানও শুধু পণ্য, গুদাম ও পরিবহনের ওপর নির্ভর করছে না, তাদের কার্যক্রম পরিচালনায় সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই এখন বিষয়টি আর অস্বাভাবিক বলে মনে হয় না। প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শোলে তাঁর সেই পোস্ট আবার প্রকাশ করেন। তিনি লেখেন, ২০২১ সালে যে পূর্বাভাস নিয়ে ব্যাপক আপত্তি উঠেছিল, সময়ের সঙ্গে সেটিই এখন প্রতিদিন আরও স্পষ্ট ও বাস্তব বলে মনে হচ্ছে।

Visit casino-promo.biz for more information.

শোলের ধারণা ছিল, এআই ধীরে ধীরে বিজ্ঞানের প্রতিটি শাখার অপরিহার্য অংশ হয়ে উঠবে। এআই ইতিমধ্যে গবেষণায় তথ্য বিশ্লেষণ, জটিল সিমুলেশন পরিচালনা ও মানুষের চোখ এড়িয়ে যাওয়া বিভিন্ন ধরন বা সম্পর্ক শনাক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রোটিনের গঠন নির্ণয়, নতুন উপাদান নিয়ে গবেষণা ও জলবায়ু মডেল তৈরির মতো ক্ষেত্রেও এআই ব্যবহার করে অগ্রগতি হচ্ছে।

এআই মানুষের সক্ষমতাকে কখন ছাড়িয়ে যেতে পারে, তা নিয়ে মাস্ক এর আগেও একাধিকবার পূর্বাভাস দিয়েছেন। ২০১৭ সালে একটি গবেষণায় বলা হয়েছিল, ২০৬০ সালের মধ্যে এআই সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যেতে পারে। তখন মাস্ক বলেছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যেই এমনটি ঘটতে পারে। গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে এই সময়সীমা আরও এগিয়ে আনেন মাস্ক। তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ, না হলে সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এরপরের পাঁচ বছরের মধ্যে এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source