৭০০ শিক্ষার্থীর সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
· Prothom Alo

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পাট চুকিয়ে শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি এবং দেশের শীর্ষ করপোরেট অঙ্গনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত এই ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট’-এ ক্লাব পার্টনার হিসেবে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, এফএমসিজি, ই-কমার্স, উৎপাদনমুখী খাতসহ দেশি-বিদেশি ৩০টির বেশি স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৭০০ শিক্ষার্থীর বিভিন্ন পদে সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। চাকরিপ্রার্থী গ্র্যাজুয়েট ও শেষ বর্ষের শিক্ষার্থীরা সরাসরি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়া, স্পট ইন্টারভিউ ও ভাইভায় অংশ নেওয়া এবং আধুনিক শিল্প খাতের প্রয়োজনীয় দক্ষতার চাহিদা সম্পর্কে জানার সুযোগ পান।
Visit sportbet.reviews for more information.
চাকরি মেলা চলাকালে মেলার সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা, বন্ধু নুজহাত ঐশী ও রিদ্ধিত রনিতা।
এ বিষয়ে সভাপতি সৈয়দ সালমান হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কেবল একাডেমিক ডিগ্রিতে সীমাবদ্ধ না রেখে করপোরেট পৃথিবীর বাস্তব চাহিদার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। ক্যাম্পাসজীবনেই যখন শিক্ষার্থীরা দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সরাসরি মুখোমুখি হতে পারে, তখন তাদের আত্মবিশ্বাস যেমন বহুগুণ বেড়ে যায়, তেমনি ভবিষ্যৎ ক্যারিয়ারের রূপরেখাও স্পষ্ট হয়। শিক্ষার্থীদের এমন যুগান্তকারী ও কল্যাণমুখী যেকোনো উদ্যোগে বন্ধুসভা সব সময় ইতিবাচক ভূমিকা নিয়ে পাশে থাকবে।’
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মেধা ও যোগ্যতাকে সরাসরি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন করাতে এই চাকরি মেলা কার্যকর ভূমিকা রেখেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি ক্যাম্পাসে বসেই কর্মজীবনে প্রবেশের পথ সুগম করতে পেরেছেন।
আয়োজনটিকে সুশৃঙ্খল ও সফল করতে ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে জাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও গুডিজ উপহার দেওয়া হয়। স্মারক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এবং জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিটের আহ্বায়ক ফেরদৌস আল হাসানসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় বন্ধুসভার প্রতিনিধিরা জাকসুর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও কাঁধে কাঁধ মিলিয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংস্কৃতিক সম্পাদক, জাবি বন্ধুসভা